টেলিফোন এক্সচেঞ্জ ৫০ দিন ধরে বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা টেলিফোন এক্সচেঞ্জটি এক মাস ২০ দিন ধরে বিকল হয়ে আছে। ফলে জেলা শহরের বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানির (বিটিসিএল) এক হাজার ৮০০ ল্যান্ডফোন গ্রাহক দুর্ভোগ পোহাচ্ছেন। কবে নাগাদ চালু হবে তা-ও নিশ্চিত করে বলতে পারছে না বিটিসিএল কর্তৃপক্ষ।
গ্রাহকেরা অভিযোগ করেন, মুঠোফোনব্যবস্থা চালু হওয়ায় ল্যান্ডফোনের ওপর চাপ কমেছে। এ কারণে বিটিসিএল কর্তৃপক্ষের কাছে সংযোগ রক্ষণাবেক্ষণ সহজ হয়ে পড়ে। কিন্তু গাইবান্ধা বিটিসিএল এক্সচেঞ্জে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের গাফিলতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে গাফিলতির অভিযোগ অস্বীকার করে গাইবান্ধা বিটিসিএল এক্সচেঞ্জের সহকারী পরিচালক (অভিযোগ ও তদন্ত) কফিল উদ্দিন বলেন, এক্সচেঞ্জের মাদার কম্পিউটারের দুটি হার্ডডিক্স বিকল হওয়ায় সব ল্যান্ডফোন-সংযোগ বিকল হয়েছে।
গাইবান্ধা বিটিসিএল কার্যালয় সূত্র জানায়, ২০০২ সালে গাইবান্ধা ল্যান্ডফোন এক্সচেঞ্জটি এনালগ থেকে ডিজিটালে রূপান্তর করা হয়। এই এক্সচেঞ্জ থেকে দুই হাজার ল্যান্ডফোন সংযোগ দেওয়ার কথা। কিন্তু সংযোগ দেওয়া হয় প্রায় এক হাজার ৮০০।
এ ছাড়া ২০১০ সালে গ্রাহকসেবা বাড়ানোর লক্ষ্যে এক্সচেঞ্জটিতে ২০ কিলোমিটার দূরে অবস্থিত ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী থেকে ভূগর্ভস্থ সাবমেরিন কেবলের অপটিক্যাল ফাইবার সংযোগ দেওয়া হয়। এতে ব্যয় হয় প্রায় পাঁচ কোটি টাকা। কিন্তু অদ্যাবধি গাইবান্ধার সাধারণ গ্রাহকেরা অপটিক্যাল ফাইবার সংযোগ পাননি।
এদিকে গত ৫ সেপ্টেম্বর গাইবান্ধা টেলিফোন এক্সচেঞ্জ বিকল হয়ে পড়ে। তখন থেকে জেলা শহরের সব ল্যান্ডফোন-সংযোগ বিকল হয়ে যায়। ফলে গ্রাহকেরা দুর্ভোগ পোহাচ্ছেন। শহরের সালিমার সুপার মার্কেটের ল্যান্ডফোন গ্রাহক রেজাউল করিম বলেন, ‘এক মাস ২০ দিন আগে হঠাৎ করে আমার তিনটি ল্যান্ডফোন-সংযোগ বিকল হয়। রিসিভার তুললে কোনো শব্দ পাওয়া যায় না। গাইবান্ধা বিটিসিএলের অভিযোগ কেন্দ্র থেকে প্রতিনিয়তই বলা হচ্ছে ভালো করার চেষ্টা চলছে।’
শহরের ধানঘড়া এলাকার গ্রাহক আনিস মোস্তফা জানান, ল্যান্ডফোন বিকল থাকায় প্রবাসী আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কেননা, বিদেশে যাঁরা অবস্থান করেন, তাঁরা নিজ এলাকার যোগাযোগের ক্ষেত্রে ল্যান্ডফোনের ওপরই নির্ভরশীল। কিন্তু সংযোগ বিকল হওয়ায় তাঁদের সঙ্গে কথা বলা যাচ্ছে না।
গাইবান্ধা এক্সচেঞ্জের সহকারী পরিচালক কফিল উদ্দিন আরও বলেন, এক্সচেঞ্জের মাদার কম্পিউটারের বিকল হওয়া হার্ডডিক্স দুটি ঢাকা ও রংপুর প্রকৌশলীরা এবং যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান সাং হাই বেলের কর্মকর্তারাও গতকাল শুক্রবার পর্যন্ত চেষ্টা করে সচল করতে পারেননি। তিনি বলেন, যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান হার্ডডিক্স দুটি সরবরাহ করা না পর্যন্ত এক্সচেঞ্জ সচল করা সম্ভব নয়।