নীলফামারী রেলস্টেশনের বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন সেটটি প্রায় এক বছর ধরে বিকল হয়ে পড়ে আছে। এর ফলে যাত্রীদের রেলগাড়িতে আসা-যাওয়ার সময় জানতে ও আসন বুকিংয়ে চরম ভোগান্তি¦পোহাতে হচ্ছে।
নীলফামারী শহরের সবুজপাড়ার আবু মনসুর ফকির বলেন, ‘ব্যবসায়িক কারণে আমাকে প্রায়ই রেলপথে নীলফামারী থেকে রাজশাহী ও ঢাকায় যাওয়া-আসা করতে হয়। কিন্তু আসন সংগ্রহের জন্য অথবা ট্রেনের সময় জানার জন্য সরাসরি স্টেশনে যেতে হয়। কারণ রেলস্টেশনের বিটিসিএলের ০৫৫১৬১২২৯ নম্বরে ফোন করে কোনো সাড়া পাওয়া যায় না। রিংটোন শোনা গেলেও কেউ ধরে না। সামান্য প্রয়োজনেও ৪০ থেকে ৫০ টাকা রিকশা ভাড়া খরচ করে রেলস্টেশনে যেতে হয়।’ একই ধরনের অভিযোগ করেন জেলা শহরের জাকির হোসেন, আব্দুর রহিম, আমিনুর রহমানসহ ১০-১২ জন।
স্টেশনমাস্টার ওবায়দুল ইসলাম বলেন, ‘এক বছর ধরে টেলিফোনটি খারাপ হয়ে আছে। টেলিফোন বিভাগের লোকজন এসে মাঝেমধ্যে ঠিক করে দিলেও চার-পাঁচ মাস ধরে পুরোপুরি বিকল হয়ে আছে।’
নীলফামারী বিটিসিএলের উপবিভাগীয় প্রকৌশলী সমর কুমার কুণ্ডু বলেন, ‘টেলিফোন সেটটি নষ্ট। আমরা এর আগে বেশ কয়েকবার তাদের সেট পরিবর্তন করে দিয়েছি। এখন আমাদের সেট সরবরাহ বন্ধ আছে। তার পরও স্টেশনমাস্টারকে সেটের জন্য আবেদন দিতে বলেছি।’