
বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, টেলিফোনে কথা বলে রায় দেওয়া বা অন্য কোনোভাবে বিচার বিভাগকে প্রভাবিত করার সুযোগ নেই। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ কে খান আইন অনুষদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আইন অনুষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘আমি আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই, আমার বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। আমার বিচারকেরা এখন আর টেলিফোন ধরেন না এবং টেলিফোনে কথা বলে যে কারও জামিন দেবেন, ইনজাংশন (নিষেধাজ্ঞা) দেবেন বা রায় দেবেন, সেদিন চলে গেছে। আপনারা দোয়া করবেন, এটা আর বাংলাদেশে হবে না।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দিন কাশেম খান।
প্রধান বিচারপতি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ৯০ শতাংশ সদস্য আইনের ছাত্র। বাংলাদেশের সংসদের ৮০ শতাংশ সদস্যই ব্যবসায়ী। আইনের শাসন ও গণতন্ত্রকে রক্ষা করতে হলে আইনের ছাত্রদের এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, সুন্দর দালান দেখতে ভালো লাগে, কিন্তু সুন্দর দালান দিয়ে সুন্দর আইনজীবী হওয়া যায় না। সুন্দর আইনজীবী হতে হলে সুন্দর মানুষ হওয়া দরকার। এমন মানুষ হতে হবে যেখানে মানুষের বিবেক সব সময় তাকে শাসন করবে।
আইন অনুষদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মিজানুর রহমান বলেন, ‘রাষ্ট্রীয় হেফাজতে কারও মৃত্যু হবে তা তোমরা কোনো দিন গ্রহণ করবে না, এটিকে তোমরা কোনো দিন স্বীকৃতি দেবে না। এর প্রতিবাদ করতে হবে। এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। সে রকম আইনজীবী আমরা দেখতে চাই।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আইন কমিশনের সদস্য অধ্যাপক এম শাহ আলম, এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি এ এম জিয়াউদ্দিন খান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ নুরুল হুদা, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন আবদুল্লাহ আল ফারুক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ এন এম মোরশেদ খান প্রমুখ।
এ কে খান ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় স্থপতি বশিরুল হকের নকশায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীদের জন্য ২০ কোটি টাকা ব্যয়ে ৬০ হাজার বর্গফুট জায়গা নিয়ে নতুন ভবন নির্মাণ করা হয়েছে।