টেলিফোন লাইন বিকল, বিপাকে ১৬০ জন গ্রাহক
ফরিদপুরের ভাঙ্গায় বিটিসিএলের লাইন এক মাস ধরে বিকল থাকায় উপজেলার ১৬০ জন গ্রাহক বিপাকে পড়েছেন। কবে নাগাদ এ লাইন সচল হবে, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তা কিছু বলতে পারছেন না।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ফরিদপুর কার্যালয় সূত্রে জানা যায়, মে মাসের শুরুতে এক্সচেঞ্জের কার্ড নষ্ট হওয়ায় এই সমস্যা দেখা দেয়। ২০ মে নতুন কার্ড লাগানো হয়। ২৫ মে এ কার্ডও নষ্ট হয়। এক দিন পর আবার নতুন কার্ড লাগানো হয়। ৩০ মে সেটিও নষ্ট হয়ে যায়।
ভাঙ্গা বাজারের ফোন-ফ্যাক্স ব্যবসায়ী অলি ঠাকুর বলেন, ‘প্রায় মাস খানেক ধরে বিটিসিএলের লাইন বিকল থাকায় ফ্যাক্স করতে পারছি না। প্রতিদিন কাস্টমার এসে ফিরে যাচ্ছে। অনেক কোম্পানির প্রতিদিনের হিসাব ফ্যাক্স করে পাঠাতে হয়। তাঁরাও পড়েছেন ভোগান্তিতে।’
ভাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ এ এইচ এম রেজাউল করিম বলেন, কলেজের অফিশিয়াল ফোন সাধারণত বিটিসিএলের নম্বরে আসে। ফোন অচল হওয়ায় কাজে বিঘ্ন ঘটছে।
বিটিসিএলের ফরিদপুর অঞ্চলের উপবিভাগীয় প্রকৌশলী মোশারফ হোসেন বলেন, ‘কেন কার্ড টিকছে না তা বুঝতে পারছি না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁরা এসে পরীক্ষা করে দেখবে কী কারণে কার্ড টিকছে না।’