লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ‘প্রাতিষ্ঠানিক শিক্ষা সার্টিফিকেট-সর্বস্ব। শিক্ষার মানে ধস নেমেছে। তাই জাতির মেধা বিকাশে দেশের সব এলাকায় পাঠাগার প্রতিষ্ঠার গুরুত্ব আগের চেয়ে বেশি। টেলিভিশন, কম্পিউটার প্রভৃতি বই পড়ার বিকল্প হতে পারে না। সেগুলো ব্যবহারের পাশাপাশি তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।’
গত মঙ্গলবার মুন্সিগঞ্জের গজারিয়ায় ‘গজারিয়া পাবলিক লাইব্রেরির’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আবুল মকসুদ এসব কথা বলেন।
আলোচনা অনুষ্ঠানের আগে বিকেল পাঁচটায় গজারিয়া কলিমউল্লাহ কলেজের পাশে বেসরকারি উদ্যোগে গড়া গ্রন্থাগার ফিতা কেটে উদ্বোধন করেন আবুল মকসুদ। গজারিয়া পাবলিক লাইব্রেরি পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুল খালেকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেফায়েত উল্লাহ খান, ইউএনও মাহবুবা বিলকিস প্রমুখ।