টেলিভিশন মাথায় ভোটারের দ্বারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোনয়নপত্রে পছন্দের প্রতীক দিয়েছিলেন ‘টেলিভিশন’। প্রতীক বরাদ্দের দিন পেয়েও গেলেন সেটা। আনন্দে উদ্বেল সেই প্রার্থী আস্ত একটা টেলিভিশন মাথায় নিয়ে জুড়ে দেন নির্বাচনী গণসংযোগ। অভিনব এই প্রচারণা এলাকাবাসীর দৃষ্টি কাড়ে। খোদ প্রার্থীর ভাষ্য, তিনি অসচ্ছল মানুষ। নির্বাচনে অত খরচাপাতি করা তাঁর পক্ষে সম্ভব নয়। নিজেকে ও নিজের প্রতীককে ভোটারদের কাছে পরিচয় করিয়ে দিতে বিচিত্র এই পন্থা বেছে নেওয়া। তিনি মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী। নাম তাঁর মসলেম আলী, বয়স ৫১। জাতীয় পার্টির সমর্থনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।জানা গেছে, গত মঙ্গলবার দুপুর দুইটার দিকে স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা মাইক, পোস্টার ও লিফলেট নিয়ে নেমে পড়েন গণসংযোগে। তখন মেয়র পদপ্রার্থী মসলেম আলী দ্রুত ছুটে যান নিজের বাড়িতে। বাড়ির টেলিভিশন সেটটির সংযোগ খুলে তুলে নেন নিজের মাথায়। সেই টেলিভিশন মাথায় নিয়ে দোকানে দোকানে ঘুরে বেড়ান তিনি। এ সময় একজন মেয়র পদপ্রার্থীর মাথায় ঢাউস আকৃতির টেলিভিশন দেখে হতবাক হন অনেকেই। তিনি রাস্তার পথচারী ও দুই পাশের ব্যবসায়ীদের কাছে যান, হাত মেলান এবং বলেন, ‘আমি মসলেম আলী। নির্বাচনে মেয়র পদপ্রার্থী। আমার প্রতীক টেলিভিশন, আমার মাথার ওপরও সত্যিকারের এক টেলিভিশন। আমায় আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন।’জানা গেছে, মসলেম আলী বিয়ে পড়ানোর কাজির সহকারী। মসলেম আলী জানান, ভোটার ও সাধারণ মানুষের দৃষ্টি কাড়তে নির্বাচনী প্রচারণার শেষ দিন পর্যন্ত এভাবেই টেলিভিশন মাথায় নিয়ে ভোটারদের দ্বারস্থ হবেন তিনি। প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান বলেন, প্রচারণার এমন অভিনবত্ব প্রার্থীর নির্বাচনী ব্যয় কমাবে।মেয়র পদপ্রার্থী মসলেম আলী আরও জানান, অন্যদের মতো তাঁর অত টাকা-পয়সা নেই। প্রতীক পরিচিতির জন্য অন্যদের মতো হাজার হাজার পোস্টার, লিফলেট ছাপানো, ব্যানার তৈরি করা এবং যানবাহনসহ মাইক ভাড়া করে প্রচারে নামা তাঁর পক্ষে সম্ভব নয়। তাই তিনি নিজের বাড়ির টেলিভিশনটি নিয়ে এমন প্রচারণা চালাচ্ছেন।মেহেরপুরের রিটার্নিং কর্মকর্তা হোসেন আলী খন্দকার বলেন, ওই প্রার্থীর প্রচারণা আচরণবিধি লঙ্ঘনের মাঝে পড়ে না।