টেলিভিশনে যাঁরা মফস্বল সাংবাদিকতা করেন, তাঁরা দিনের ঘটনার প্রতি বেশি জোর দেন। অনুসন্ধানী প্রতিবেদনের দিকে তেমন নজর দেন না। মাঝেমধ্যে বিশিষ্টজনদের দিবস নিয়ে প্রতিবেদন করেন। কিন্তু নাগরিক দুর্ভোগ নিয়ে তেমন প্রতিবেদন দেখা যায় না। ওই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। তবেই টেলিভিশন সাংবাদিকতা বহুদূর এগিয়ে যাবে।গতকাল শুক্রবার সকালে কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক ও সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সকাল ১০টায় নগরের বীরচন্দ্র নগর মিলনায়তনে ওই অনুষ্ঠান হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি খায়রুল আহসান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। সেমিনারে ‘টেলিভিশন সাংবাদিকতা: প্রতিবন্ধকতা ও সম্ভাবনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাভিশনের কুমিল্লা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুন্ডু গোপীদাস, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক। মুক্ত আলোচনায় বক্তব্য দেন দৈনিক শিরোনাম-এর সম্পাদক নীতিশ সাহা, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খান, বিটিভির কুমিল্লা প্রতিনিধি মিজানুর রহমান চৌধুরী, বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক আজিজুর রহমান সিদ্দিকী, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংবাদিক ওমর ফারুকী ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।