টেলিভিশনের ভেতর সোনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত বৃহস্পতিবার রাতে একটি এলইডি টেলিভিশনের ভেতর থেকে চার কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার ওয়াজেদ আলী জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিমানবন্দরের ক্যানপি এলাকায় ৪০ ইঞ্চি একটি এলইডি টেলিভিশন পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে টেলিভিশনটি স্ক্যানিং করে দেখা যায়, এটির ভেতরে রয়েছে সোনার বার। টেলিভিশনের যন্ত্রাংশ খুলে চারটি সোনার বার পাওয়া যায়। একেকটি বারের ওজন প্রায় এক কেজি। উদ্ধার হওয়া চার কেজি সোনার মূল্য প্রায় দেড় কোটি টাকা। টাইগার এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে সোনার চালানটি আসে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।