টেলিভিশনের শোরুমে বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানার দনিয়া রোডের নূর মার্কেটের একটি টেলিভিশনের শোরুমে বিস্ফোরণে গতকাল রোববার সকালে মোহাম্মদ হোসেন (২৫) নামের এক কর্মচারী দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে আশপাশের অন্তত ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে নূর মার্কেটের নিচতলায় টেলিভিশনের শোরুমে ঢোকার জন্য শাটার গেট খোলেন মোহাম্মদ হোসেন। শোরুমে ঢোকার মুহূর্তে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় মোহাম্মদ হোসেনের সারা শরীর ঝলসে যায়। শোরুমের টেলিভিশন ও কম্পিউটার একের পর এক চূর্ণ-বিচূর্ণ হয়। খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে আহত হোসেনকে হাসপাতালে নেওয়া হয়। বার্ন ইউনিটে চিকিৎসাধীন মোহাম্মদ হোসেন প্রথম আলোকে জানান, প্রতিদিনের মতো গত শনিবার রাত ১০টার দিকে শোরুম বন্ধ করে তিনি বাসায় যান। গতকাল সকাল ১০টার দিকে শোরুমের শাটার খুলে ভেতরে ঢুকতেই বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে তাঁর সারা শরীর ঝলসে যায়। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুবুর রহমান এ প্রতিবেদককে জানান, বিস্ফোরণে নূর মার্কেটের অন্তত ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে, হোসেন যে চেয়ারটিতে বসতেন, এর নিচে গ্যাসের পাইপলাইন ছিল। সম্ভবত ওই লাইনের কোথাও ফুটো থাকায় তা দিয়ে গ্যাস বের হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগে বিস্ফোরণ ঘটে।