জরুরি পরিস্থিতিতে কত দ্রুত টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা বন্ধ করা যায়, সেটি পরীক্ষা করতে রাজধানীর নির্দিষ্ট কয়েকটি এলাকায় গতকাল সোমবার একটি সাময়িক মহড়া বা ড্রিলের আয়োজন করা হয়েছে। গতকাল বিকেল থেকে গভীর রাতের মধ্যে এই মহড়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও কয়েকটি টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গেছে।
বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘জরুরি পরিস্থিতি সামাল দিতে আমাদের সামর্থ্য কতটুকু, সেটি পরীক্ষা করতেই এ উদ্যোগ। এ সময়ে একটি নির্দিষ্ট এলাকার টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা খুব অল্প সময়ের জন্য বন্ধ থাকবে।’ বাইরের দেশে এ ধরনের মহড়া নিয়মিত অনুষ্ঠিত হয় বলে জানান বিটিআরসির চেয়ারম্যান।
গুলশানে হলি আর্টিজান বেকারিতে গত ১ জুলাই জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগে গতকাল এ মহড়া অনুষ্ঠিত হয়। গুলশানে ওই সন্ত্রাসী হামলার সময় টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমস্যায় পড়েছিল।
বিটিআরসির কার্যালয়ে গত রোববার এক বৈঠকে জরুরি পরিস্থিতি মোকাবিলায় এ ধরনের অনুশীলন বা মহড়ার সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে বিটিআরসিসহ মুঠোফোন অপারেটর, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানসহ (আইএসপি) সংশ্লিষ্ট টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেন। এই মহড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কারিগরি সহযোগিতা করে বিটিআরসি ও টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।