টেলিযোগাযোগ আইন পুনর্বিবেচনার দাবি
নতুন টেলিযোগাযোগ আইনে উচ্চহারে জরিমানার বিধান, গ্রাহক/প্রতিষ্ঠানের অপরাধের জন্য প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের ব্যক্তিগতভাবে দায়ী করে গ্রেপ্তারের বিধান, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিটিআরসি থেকে সব ক্ষমতা মন্ত্রণালয়ে নিয়ে যাওয়ায় দীর্ঘসূত্রতার আশঙ্কা, আপিল নিয়ে অস্পষ্টতা এবং সামাজিক দায়বদ্ধতা তহবিল করার বিধান পুনর্বিবেচনার দাবি জানিয়েছে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি সংসদে এ আইন পাস হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন পেলে আইনটি কার্যকর করা হবে।এ আইনের কারণে নানা ধরনের জটিলতার আশঙ্কা করছে দেশের মোবাইল ফোন কোম্পানি, ইন্টারনেট সেবাদাতাসহ (আইএসপি) সংশ্লিষ্ট সব ধরনের প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের পক্ষে সংশ্লিষ্ট সংগঠনগুলো ইতিমধ্যেই সরকারের কাছে আইনটি সংশোধনের দাবি জানিয়েছে। নতুন আইন এ খাতে নতুন বিনিয়োগকে নিরুৎসাহিত করবে বলে আশঙ্কা করছে তারা। বাধ্যতামূলক সামাজিক দায়বদ্ধতা তহবিলকে আরেক ধরনের করারোপ বলে মন্তব্য করেছে মোবাইল ফোন কোম্পানিগুলো। এমন তহবিলের আওতায় নতুন নেটওয়ার্ক স্থাপন করা হয়ে থাকে। কিন্তু দেশের ৯৯ শতাংশ জায়গায় টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। এ অবস্থায় সামাজিক দায়বদ্ধতা তহবিল দেশের কোন অঞ্চলে নেটওয়ার্ক বিস্তার করবে, সে প্রশ্ন থাকছেই। অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) সভাপতি ও বাংলালিংকের রেগুলেটরি অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্সের প্রধান জাকিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যেই আমরা বিভিন্ন চ্যানেলে সরকারের কাছে নতুন টেলিযোগাযোগ আইন পুনর্বিবেচনার দাবি জানিয়েছি। আর সংগঠনের পক্ষ থেকে শিগগিরই আইনটি পুনর্বিবেচনার জন্য লিখিত আবেদন জানাব। এর প্রস্তুতি চলছে।’ অ্যামটবের একাধিক সদস্য বলেন, ‘বিলটি সংসদে পাস হওয়ার আগেই প্রস্তাবিত আইনের ক্ষতিকর দিকগুলোর কথা বর্তমান সরকারের সংশ্লিষ্ট সবার কাছে সাংগঠনিকভাবে তুলে ধরে তা পরিবর্তনের আবেদন জানিয়েছিলাম। কিন্তু আমাদের সে আবেদন গ্রাহ্য হয়নি।’ গ্রামীণফোনের ভারপ্রাপ্ত করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান মাহমুদ হোসেন নতুন আইনের জরিমানা নিয়ে আপত্তি জানিয়ে বলেন, ৩০০ কোটি টাকার বিশাল জরিমানার ফলে আইনের অপব্যবহারের সুযোগ বাড়বে। ব্যক্তিগত আক্রোশের সুযোগ নিয়ে ক্ষমতাশালী/প্রভাবশালী যে কেউ এ আইনের অপব্যবহার করতে পারেন। তিনি আরও বলেন, যে অপরাধের জন্য আইনে ৩০০ কোটি টাকা জরিমানার কথা বলা হয়েছে, এ ধরনের অপরাধের জন্য সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতে অর্থদণ্ডের পরিমাণ ভারতীয় দুই লাখ রুপি, শ্রীলঙ্কায় এক লাখ রুপি, মালদ্বীপে পাঁচ লাখ রুপি এবং ভুটানে দুই হাজার দিনের ন্যূনতম বেতনের সমপরিমাণ অর্থ। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) তালিকাভুক্ত ১৮২টি দেশের কোনো দেশেই এত বেশি অর্থদণ্ডের বিধান নেই বলে দাবি করেন তিনি। তাই তিনি সরকারের কাছে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানান। আইনটির পুনর্বিবেচনা করা না হলে দেশের বিনিয়োগ খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন মাহমুদ হোসেন। প্রায় একই ধরনের মতামত প্রকাশ করেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান। তিনি বলেন, দেশীয় বিনিয়োগসহ টেলিযোগাযোগ খাতে সব ধরনের বিনিয়োগ বাঁচাতে আইনটি সংশোধন করা উচিত। আপিল প্রসঙ্গে তিনি বলেন, ‘কমিশনের প্রশাসনিক বিচারের সিদ্ধান্তের বিরুদ্ধের আপিল রাখার বিধান রয়েছে। কিন্তু কমিশনের সব সিদ্ধান্ত ঠিক করে দেবে মন্ত্রণালয় বা সরকার। বিধান অনুযায়ী সরকারের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তাহলে সরকারের ঠিক করে দেওয়া কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা কীভাবে আপিল করব। আইনে এসব বিষয় পরিষ্কার করা উচিত ছিল।’