টেলিযোগাযোগ আইনের প্রস্তাবিত সংশোধন
টেলিযোগাযোগ আইনের ২ ধারার ১৬ উপধারায় ট্যারিফ অনুমোদনের ক্ষমতা কমিশনকে দেওয়া ছিল। প্রস্তাবিত বিলে ‘কমিশন’-এর পরিবর্তে ‘সরকার’ শব্দ প্রতিস্থাপন করা হয়েছে। আর ২০ উপধারায় প্রবিধানের সঙ্গে ‘প্রশাসনিক জরিমানা’র বিষয়টি যোগ করা হয়েছে। এতে বলা হয়েছে, কমিশন এই জরিমানা নির্ধারণ করবে, আদালত নন। একই ধারার ২১ উপধারায় পারমিট দেওয়ার ক্ষমতা ছিল বিটিআরসির। সংশোধন করে এ ক্ষমতাও সরকারের হাতে ন্যস্ত করা হয়েছে। বলা হয়েছে, ‘পারমিট’ অর্থ পরিচালনাকারীর লাইসেন্সকৃত টেলিযোগাযোগ-ব্যবস্থা বা সেবা প্রদানের কোনো স্থাপনা, যন্ত্রপাতি বা সুবিধা ব্যবসায়িক ভিত্তিতে বা ফি কিংবা অন্য কোনো ধরনের মূল্য বা সুবিধাপ্রাপ্তির বিনিময়ে অন্য কোনো ব্যক্তিকে ব্যবহারের জন্য সরকারের পূর্বানুমোদনক্রমে, কমিশন কর্তৃক প্রদান। মূল আইনে লাইসেন্সের আওতায় প্রাপ্য সুবিধা হস্তান্তর নিষিদ্ধ ছিল। মূল আইনের ৩১ ধারায় টেলিযোগাযোগ-ব্যবস্থা বা পরিচালনা বা টেলিযোগাযোগ সেবা প্রদান কিংবা বেতার যন্ত্রপাতি ব্যবহারের জন্য লাইসেন্স এবং যথাযথ ক্ষেত্রে পারমিট বা কারিগরি গ্রহণযোগ্যতা সনদ দেওয়ার ক্ষমতা কমিশনের ছিল। এর আওতায় ছিল বেতার ফ্রিকোয়েন্সি বরাদ্দ ও ব্যবহারের কর্তৃত্ব প্রদান এবং স্পেকট্রাম ব্যবস্থাপনা; ইস্যুকৃত লাইসেন্স, পারমিট ও সনদ নবায়ন, হস্তান্তর নিবন্ধন, স্থগিতকরণ ও বাতিলকরণ; সনদের শর্ত ভঙ্গ করলে তদন্ত, সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহণ। এ ছাড়া সরকারের নীতিমালা অনুযায়ী লাইসেন্সযোগ্য বিভিন্ন ধরনের টেলিযোগাযোগ সেবা অনুমোদন; টেলিযোগাযোগ সেবার ব্যাপারে ট্যারিফ, কলচার্জ এবং অন্যান্য চার্জ ও পরিচালনাকারীর তা নির্ণয়ের পদ্ধতি নির্ধারণ; নির্দেশনা (গাইডলাইন) জারি এবং কমিশনের বিবেচনামতো সিদ্ধান্ত ও আদেশ জারি করার ক্ষমতাও ছিল কমিশনের। সঙ্গে এই আইনের বিধানাবলি পালন করার বিষয় নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় বাধ্যতামূলক বাস্তবায়ন (এনফোর্সমেন্ট) আদেশ জারি করা এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রশাসনিক জরিমানা আরোপ ও আদায়। সংশোধিত প্রস্তাবে ৩১ ধারায় বর্ণিত কমিশনের সব ক্ষমতা সরকারের হাতে নেওয়া হয়েছে। বলা হয়েছে ‘সরকারের পূর্বানুমোদনক্রমে কমিশন’ এ সম্পর্কিত কাজে সরকারকে সহায়তা করবে মাত্র।মূল আইনের ৩৪ ধারা অনুযায়ী, আগে সরকারের ক্ষমতায় ছিল আন্তর্জাতিক চুক্তির আওতায় টেলিযোগাযোগ বিষয়ে সরকারের অধিকার বা দায়দায়িত্ব বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সময় সময় এ সংক্রান্ত যেকোনো বিষয় বিবেচনা ও সিদ্ধান্তের জন্য কমিশনের কাছে পাঠানো, টেলিযোগাযোগের সঙ্গে সম্পর্কিত গবেষণার উদ্যোগ বা অর্থ জোগান উল্লেখযোগ্য।এই ধারা সংশোধন করে পারমিট বা কারিগরি গ্রহণযোগ্যতা সনদ ইস্যু, ইস্যুকৃত লাইসেন্স, পারমিট ও সনদের নবায়ন, হস্তান্তর নিবন্ধন, স্থগিতকরণ ও বাতিলকরণ, ট্যারিফ, কলচার্জসহ অন্যান্য চার্জ এবং পরিচালনাকারীর তা নির্ণয়ের পদ্ধতি নির্ধারণসহ সব কাজ সরকার করবে। তবে প্রয়োজনবোধে কমিশনের সাহায্য নেবে সরকার।৩৫ ধারায় আগে জরিমানার পরিমাণ নির্ধারণ করা ছিল ১০ লাখ। এখন তা বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হয়েছে।সংশোধিত ৩৬ ধারায় লাইসেন্স দেওয়ার সব এখতিয়ার সরকারের এবং তবে লাইসেন্সের জন্য কমিশনের কাছে আবেদন করতে বলা হয়েছে। ধারা ৩৮-এ লাইসেন্স নবায়নের ক্ষেত্রে সরকার সাধারণ বা বিশেষ আদেশ দিয়ে লাইসেন্স বিধি বা ফি-সম্পর্কিত বিষয় নির্ধারণ করবে। ধারা ৩৯-এ সবকিছু বিচার করে কমিশন প্রশাসনিক আদেশ দ্বারা লাইসেন্সের শর্তাবলি, প্রতিস্থাপন, সংযোজন, বাতিলকরণ বা সংশোধন করার কথা ছিল। এখন তা সরকারের পূর্বানুমোদনক্রমে কমিশন করবে বলা হয়েছে।৪৬ ধারা সংশোধন করে প্রশাসনিক আদেশে লাইসেন্স বাতিল বা স্থগিত করার ক্ষমতাও সরকারকে দেওয়া হয়েছে। ৪৬-এর ৩ উপধারায় নতুন সংযোজন (চ)-এ বলা হয়েছে, সরকার কোনো লাইসেন্স স্থগিত করলে, লাইসেন্সের অধীনে সেবা প্রদান অব্যাহত রাখা, উন্নয়ন ও যথাযথ হিসাব সংরক্ষণ করার উদ্দেশ্যে প্রশাসক বা রিসিভার নিয়োগ করতে পারবে। তবে গৃহীত ব্যবস্থার কারণে কোনো প্রকার ক্ষতির জন্য লাইসেন্সকারী কোনো ক্ষতিপূরণের দাবি করতে পারবে না।