টেলিযোগাযোগ আইনের প্রস্তাবিত সংশোধনী পুনর্বিবেচনা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিযোগাযোগ খাতকে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক জটিলতামুক্ত রাখতে এবং প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে টেলিযোগাযোগ আইনের প্রস্তাবিত সংশোধনী পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল সোমবার টিআইবির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০১০’-এর প্রস্তাবিত সংশোধনী নিয়ে ১১ জুলাই সংসদে উপস্থাপিত প্রতিবেদনে সংসদীয় কমিটি যেসব সুপারিশ করেছে, তা প্রকারান্তরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) একটি ক্ষমতাহীন প্রতিষ্ঠানে পরিণত করবে। বিটিআরসিতে প্রশাসনিক ও রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ তৈরি হবে এবং স্বচ্ছতা, জবাবদিহি ও বস্তুনিষ্ঠতার অভাবে এই খাতে অনিয়ম বাড়বে।বিবৃতিতে ইফতেখারুজ্জামান আরও বলেন, সরকারি নিয়ন্ত্রণ ক্রমাগতভাবে কমিয়ে যখন সুস্থ ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা দরকার, তখন বিটিআরসিকে ক্ষমতাহীন করে এ খাতের সরকারি নিয়ন্ত্রণ বাড়ানোর কারণে বেসরকারি বিনিয়োগ নিরুৎসাহিত হবে। এতে মূলত সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রয়াস ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে।টিআইবি মনে করে, প্রস্তাবিত এ সংশোধনী সরকারের নির্বাচনী অঙ্গীকারেরও পরিপন্থী। নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, শিল্প ও পুঁজিবাজারের দ্রুত বিকাশের লক্ষ্যে প্রশাসনিক জটিলতা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত, বিনিয়োগবান্ধব পরিবেশ ও প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া হবে।প্রস্তাবিত সুপারিশ ১৯৯৮ সালের টেলিযোগাযোগ নীতিরও পরিপন্থী। সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বিটিআরসির আরোপিত প্রশাসনিক জরিমানার বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারবেন। কিন্তু সরকারের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে না মর্মে যে বিধানের সুপারিশ করা হয়েছে, তা প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে। এ ছাড়া বিটিআরসিকে সব কাজের আগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার যে বিধান সংশোধিত আইনে রাখা হয়েছে, তা টেলিযোগাযোগ খাতের সুস্থ বিকাশ ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির পরিবর্তে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা সৃষ্টি করবে।