টেলিযোগাযোগ খাতে দীর্ঘ পরিকল্পনা টেলিনরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে টেলিযোগাযোগ খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে টেলিনরের। পাশাপাশি সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে যথাসাধ্য সহায়তার আশ্বাস দিয়েছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জন ফ্রেডরিক বাকসাস।স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেছেন তিনি। গতকাল সোমবার সন্ধ্যায় বেইলি রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে সৈয়দ আশরাফুল ইসলাম ও জন ফ্রেডরিক বাকসাস উভয়ে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে তৃতীয় প্রজন্ম প্রযুক্তিসমৃদ্ধ (থ্রিজি) নেটওয়ার্কের ওপর গুরুত্ব দেন।বৈঠক সূত্র জানায়, বাংলাদেশে উন্নত নেটওয়ার্ক ও টেলিযোগাযোগসেবা দিতে থ্রিজি অপরিহার্যতার কথা উল্লেখ করেছেন বাকসাস। বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে গ্রামীণফোনের ভূমিকার প্রশংসা করে স্থানীয় সরকারমন্ত্রী ভবিষ্যতেও দেশের উন্নয়নে গ্রামীণফোন এভাবেই এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন।এ সময় জন ফ্রেডরিক বাকসাসের সঙ্গে টেলিনরের এশিয়া অঞ্চলের উপপ্রধান হিলডে টোন, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেডাল, টেলিনরের আবাসিক প্রতিনিধি পার এরিখ হাইল্যান্ড, গ্রামীণফোনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা রায়হান শামসি, করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান মাহমুদ হোসেন, প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির, করপোরেট অ্যাফেয়ার্সের পরিচালক ইশতিয়াক হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক মামুন হাশমীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে বিকেলে ফ্রেডরিক বাকসাস নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এদিকে গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোনের নবনির্মিত সদর দপ্তর জিপি হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট যোগ দেবেন। এ ছাড়া সকালে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।জন ফ্রেডরিক বাকসাস গতকাল সোমবার সকালে তিন দিনের এক সফরে বাংলাদেশে এসেছেন।