টেলিযোগাযোগ নীতিমালা সংশোধনের তাগিদ
বাংলাদেশে বিদ্যমান টেলিযোগাযোগ নীতিমালা ১৮ বছর আগের। কিন্তু এর মধ্যে তথ্যপ্রযুক্তিতে অনেক পরিবর্তন এসেছে। সময়ের সঙ্গে তাল মেলাতে হলে নীতিমালা সংশোধন করতে হবে।
আজ বুধবার টেলিযোগাযোগ নীতিমালা সংশোধন শীর্ষক এক গোলটেবিল বৈঠকে টেলিযোগাযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা এই মত দিয়েছেন।
টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক (টিআরএনবি) আয়োজিত ওই বৈঠকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, বাংলাদেশে বিদ্যমান ১৮ বছর আগের টেলিযোগাযোগ নীতিমালা পরিবর্তন হতে হবে।
বৈঠকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, তথ্যপ্রযুক্তিতে বর্তমানে নতুন অনেক কিছু যুক্ত হচ্ছে। এগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে নতুনভাবে টেলিযোগাযোগ নীতিমালা হতে হবে বলে জানান তিনি।
টেলিকম বিশেষজ্ঞ আবু সাইদ খান বলেন, ডিজিটাল বাংলাদেশ পেতে হলে টেলিযোগাযোগ নীতিমালার আমূল পরিবর্তন করতে হবে।
বৈঠকে গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান, বাংলালিংকের জ্যেষ্ঠ পরিচালক (গভর্নমেন্ট রিলেশন) জাকিউল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
বৈঠকে টেলিযোগাযোগ নীতিমালার সংশোধনীর ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন লার্ন এশিয়ার চেয়ারম্যান রোহান সামারজিবা। টিআরএনবির সভাপতি আবদুল্লাহ মামুনের সভাপতিত্বে বৈঠক পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম।