টেলিযোগাযোগ সংশোধন বিলের সমালোচনায় সংসদীয় কমিটি
টেলিযোগাযোগ আইন সংশোধন-সংক্রান্ত বিলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ক্ষমতা ব্যাপকভাবে কমানোর প্রস্তাবের সমালোচনা করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির সভায় এই সমালোচনা করা হয়।জাতীয় সংসদে ১৩ জুন টেলিযোগাযোগ সংশোধন বিল-২০১০ উত্থাপিত হয়। এতে লাইসেন্স দেওয়াসহ গুরুত্বপূর্ণ আরও কিছু ক্ষমতা বিটিআরসির কাছ থেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে ন্যস্ত করার সুপারিশ করা হয়েছে।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির গতকালের সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি হাসানুল হক ইনু। সভা সূত্র জানায়, কমিটি বিটিআরসির ক্ষমতা ব্যাপক কমানোর ব্যাপারে আপত্তি জানিয়েছে। কমিটির মতে, এভাবে বিটিআরসিকে ক্ষমতাশূন্য করা হলে বিষয়টি টেলিযোগাযোগ খাতের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কমিটি এ বিষয়ে টেলিযোগাযোগ খাতের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় দুই ঘণ্টা চলার পর সভা মুলতবি করা হয়। সভায় কমিটির অন্য সদস্যদের মধ্যে আ স ম ফিরোজ, আবদুল কুদ্দুস, নজরুল ইসলাম, খালিদ মাহমুদ চৌধুরী ও মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।