টেলিসংলাপ প্রকাশের বিরুদ্ধে রিট খারিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার টেলিসংলাপ গণমাধ্যমে প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ২৬ অক্টোবর দুই নেত্রীর মধ্যে টেলিসংলাপ হয়। ওই টেলিসংলাপ গণমাধ্যমে প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে ২ নভেম্বর হাইকোর্টে রিট করেন আইনজীবী আবদুল্লাহ আল বাকী।
গতকাল রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফারুক হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। বিশ্বজিৎ রায় প্রথম আলোকে বলেন, রিট আবেদনের সারবত্তা না থাকায় আদালত তা সরাসরি খারিজ করে দেন। আবদুল্লাহ আল বাকী বলেন, এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।