টেস্ট পরীক্ষার ইংরেজির প্রশ্নপত্রে একগুচ্ছ ভুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসির টেস্ট পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রে একগুচ্ছ ভুল পাওয়া গেছে। কিন্তু এ ব্যাপারে পরীক্ষা কেন্দ্রেও কোনো সংশোধনী দেওয়া হয়নি। ভুল নিয়েই পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে।
১৮ অক্টোবর ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পার্ট ‘বি’-র ১৪ নম্বর প্রশ্নে পৃথক পাঁচটি বাক্য দেওয়া হয়েছে। এগুলোর উত্তর দিয়ে ‘লোডশেডিং’ বিষয়ে আড়াই শ শব্দের প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। পাঁচটি বাক্যের মধ্যে তিনটি বাক্যের গঠনশৈলীতে ব্যাকরণগত ভুল রয়েছে। প্রশ্নে উল্লেখ করা তিনটি বাক্য হচ্ছে: (b) When and why it happens? (c) How the people suffer for this? (e) How it can be solved you think?
প্রথম বাক্যটিতে When and why-এর পরে ‘does’ বসবে। শুদ্ধ বাক্যটি হবে When and why does it happens? পরের বাক্যটিতে How-এর পরে ‘do’ বসবে। পুরো বাক্যটি হবে How do the people suffer for this?
তৃতীয় বাক্যটিতে How it can be-এর পরিবর্তে হবে How can it be. আর শুদ্ধরূপে পুরো বাক্যটি হবে এ রকম: How can it be solved you think?
প্রশ্নপত্রের এ ধরনের ভুলকে ‘মুদ্রণ প্রমাদ’ বলার কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে প্রশ্নপত্র তৈরির কাজে নিয়োজিত করপোরেশনের ইংরেজি বিষয়ের শিক্ষকের মনোযোগিতার অভাব ছাড়া আর কিছু ভাবা যায় না। কারণ যোগ্যতা এবং অভিজ্ঞতাসম্পন্ন কোনো শিক্ষকের পক্ষে তো এ ধরনের সাধারণ ভুল করা সম্ভব নয়।
বারবার একই ভুল: এ বছরের জুন মাসে অনুষ্ঠিত করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ ও অষ্টম শ্রেণির ষান্মাষিক পরীক্ষার ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের প্রশ্নেও ভুল ছিল। এসব প্রশ্নের বেশির ভাগই ছিল তথ্যগত ও ইংরেজি শব্দের বানানগত ভুল। এসব ভুল নিয়ে তখনো পত্রিকায় লেখালেখি হয়েছিল। কিন্তু এর পরও সতর্ক হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
লালখান বাজার এলাকার বাসিন্দা অভিভাবক শফিকুজ্জামান বলেন, ‘শিক্ষকেরাই যদি ভুল করেন তাহলে শিক্ষার্থীরা শিখবেন কার কাছ থেকে।’
রদবদল নেই পরীক্ষা কমিটির: করপোরেশনের শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, বিভিন্ন পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য একটি কমিটি থাকে। কিন্তু দীর্ঘদিন ধরে এসব কমিটির কোনো রদবদল নেই। মৌলিক পরিবর্তনও আনা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক করপোরেশনের মাধ্যমিক বিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ শিক্ষক বলেন, ‘এক একটি পরীক্ষা কমিটির বয়স পাঁচ থেকে দশ বছরের মতো হয়ে গেছে। কিন্তু আহ্বায়কসহ কমিটির কোনো সদস্যেরই তেমন কোনো পরিবর্তন হয়নি। বরং নতুন করে কমিটিতে অন্তর্ভুক্তি হওয়ার জন্য কোনো কোনো শিক্ষক লবিং পর্যন্ত করতে থাকেন। পরীক্ষা কমিটির সদস্যের দায়িত্ব পালনে আন্তরিকতার অভাব এবং দায়সারা মনোভাবের কারণে দিনের পর দিন প্রশ্নপত্রে ভুলসহ নানা সমস্যারও কোনো পরিবর্তন হচ্ছে না।’
প্রধান নির্বাহী কর্মকর্তার বক্তব্য: পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। প্রশ্নপত্রে ভুলের কারণে যাতে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়, সে দিকেও খেয়াল রাখব আমরা।’