টেস্ট সিরিজ জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁরা পৃথক বিবৃতিতে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ছাড়াও কোচ, ম্যানেজার, কর্মকর্তা ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।
ক্রিকেটারদের অভাবনীয় এ সাফল্যে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দল বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে। তিনি বাংলাদেশ ক্রিকেটের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী বলেন, এ সিরিজের প্রতিটি ম্যাচে জয়লাভ অত্যন্ত আনন্দের, গৌরবের ও সম্মানের।
এ জয় শুধু টাইগারদের নয়, এ জয় পুরো জাতির—বলেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর অভিনন্দন বার্তায় বলেন, ‘আমি আশা করছি, নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতেও এ ধরনের সফলতা ধরে রাখবে টাইগাররা।’