টেস্টটিউবে বাছুরের জন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) দেশে প্রথমবারের মতো টেস্টটিউবে বাছুরের জন্ম হয়েছে। প্রতিষ্ঠানের গবেষণাগারে উৎপাদিত ভ্রূণ থেকে গত শনিবার রাতে দুটি বকনা বাছুর জন্মগ্রহণ করে।
বিএলআরআই সূত্র জানায়, বছর খানেক আগে অধিক উৎপাদনশীল দাতা গাভির ডিম্বাশয় থেকে অপরিপক্ব ডিম্বাণু সংগ্রহ করে গবেষণাগারে পরিপক্ব, নিষিক্ত ও কালচার করে বাস্টোসিস পর্যায় পর্যন্ত বাড়িয়ে তোলা হয়। এরপর দুটি ভ্রূণ গাভির জরায়ুতে প্রবেশ করিয়ে দেওয়া হয়। ওই ভ্রূণ থেকে গত শনিবার রাতে দুটি সুস্থ ও সবল বকনা বাছুর জন্মগ্রহণ করে।
প্রতিষ্ঠানের মহাপরিচালক তালুকদার নুরুন্নাহার বলেন, গাভির জাত উন্নয়নে বিশ্বের অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে গবেষণাগারে ভ্রূণ উৎপাদন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। তবে দেশে এই পদ্ধতি ব্যবহার করে বাছুরের জন্ম এই প্রথম। স্বাভাবিক প্রক্রিয়ায় যেখানে একটি গাভি থেকে বছরে একটি বাচ্চা পাওয়া যায়, সেখানে এ প্রযুক্তি ব্যবহার করে একটি অধিক উৎপাদনশীল গাভির ভ্রূণ থেকে বছরে ২০ থেকে ২৫টি বাচ্চা জন্ম নেওয়া সম্ভব। আর একটি গাভি একসঙ্গে দুটি বাচ্চা ধারণ করতে পারবে।