টেস্টিং ইউনিট স্থাপন না করার ব্যাখ্যা জানাতে আইন কর্মকর্তাকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানি করা ফলে রাসায়নিকের মাত্রা পরীক্ষায় হাইকোর্টের রায় অনুসারে বিভিন্ন বন্দরে কেমিক্যাল টেস্টিং ইউনিট না বসানোর বিষয়ে ব্যাখ্যা জানাতে জাতীয় রাজস্ব বোর্ডের আইন কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। ১১ মার্চ তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন। আদালতের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক শুনানিতে রোববার এ আদেশ দেওয়া হয়। আগামী ১১ মার্চ পরবর্তী আদেশের জন্য দিন রাখা হয়েছে।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরে কাস্টমস হাউসে অত্যাধুনিক রাসায়নিক ল্যাব স্থাপন করা হয়েছে। ঢাকার কমলাপুর ও আর্ন্তজাতিক বিমানবন্দরে সাময়িকভাবে ফলে রাসায়নিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অপর নয়টি স্থল বন্দরে কেমিক্যাল টেস্ট ইউনিট স্থাপন হয়নি। বরং দায়িত্ব হস্তান্তরের চেষ্টা হচ্ছে। আদালতের নির্দেশনা বাস্তবায়ন না করে বিএসটিআই কর্তৃক দক্ষ পরীক্ষক নিয়োগ বিষয়ে এনবিআরের আইন কর্মকর্তার চিঠিতে উল্লেখ রয়েছে। চিঠির প্রেক্ষিতে হাইকোর্ট এনবিআরের আইন কর্মকর্তা মো. লিয়াকত আলীকে ব্যাখ্যা জানাতে আগামী ১১ মার্চ আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।

ফলে রাসায়নিকের প্রয়োগ রোধে এইচআরপিবির করা এক রিটের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি হাইকোর্ট পাঁচ দফা নির্দেশনা দিয়ে রায় দেন। জল-স্থল বন্দরে কেমিক্যাল টেস্টিং ইউনিট ছয় মাসের মধ্য স্থাপন করতে হবে বলে রায়ে বলা হয়। অথচ চট্টগ্রাম ছাড়া অন্যকোনো বন্দরে টেস্টিং ইউনিট স্থাপন না হওয়ার প্রেক্ষাপটে গত বছরের ২৩ জুন এ বিষয়ে নির্দেশনার আরজি জানান রিট আবেদনকারী। সেদিন আদালত আমদানি করা ফল পরীক্ষায় জল ও স্থল বন্দরে কেমিক্যাল টেস্টিং ইউনিট স্থাপনের অগ্রগতি জানিয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে এনবিআরকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে দাখিল করা প্রতিবেদনের ওপর শুনানি নিয়ে গত ২৪ নভেম্বর আমদানি করা ফলে রাসায়নিকের মাত্রা পরীক্ষায় রায় অনুসারে বিভিন্ন বন্দরে কেমিক্যাল টেস্টিং ইউনিট না বসানোর বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান কাছে ব্যাখ্যা জানতে চান। এর ধারাবাহিকতায় শুনানি হয়। আদালতে বিএসটিআইয়ের পক্ষে ছিলেন আইনজীবী সরকার এম আর হাসান।