টোকা দিয়ে জঙ্গিদের উপড়ে ফেলা যাবে না: সেতুমন্ত্রী
টোকা দিয়ে জঙ্গিদের উপড়ে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, জঙ্গি সন্ত্রাসীদের শিকড় সারা দেশে বিস্তৃত। টোকা দিলেই তাদের উপড়ে ফেলা যাবে না। সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে এদের মোকাবিলা করতে হবে, যা যুবলীগ ইতিমধ্যে শুরু করেছে এবং তা অব্যাহত রাখতে হবে।
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত লোকজনের স্মরণে গতকাল সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে যুবলীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, যুবলীগ এখন আর কোনো মাস্তানদের সংগঠন নয়, এটি আদর্শিক কর্মীদের সংগঠন। এই সংগঠনের নেতা-কর্মীরা এখন পড়ালেখা করে। তাদের মধ্যে সৌজন্যবোধ তৈরি হয়েছে, এখন রাজনীতিতে যা বড়ই অভাব। রাস্তাঘাটে বের হলে দেখা যায় সৌজন্য পোস্টার, সৌজন্য ব্যানার, সৌজন্য তোরণ। কিন্তু রাজনৈতিক আচরণে কোনো সৌজন্য দেখা যায় না।
ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।