টোল আদায় নিয়ে ব্যবসায়ী-ইজারাদার দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরের মিশন বাজার, বানিয়াপাড়া ও ভবেরবাজারের টোল আদায় নিয়ে ব্যবসায়ী ও ইজারাদারের বিরোধে ব্যবসা-বাণিজ্য বন্ধের উপক্রম হয়েছে। ইজারাদার বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো থেকে যে হারে টোল আদায়ের চেষ্টা করছেন, ব্যবসায়ীরা তা মানতে নারাজ। দুই পক্ষের দফায় দফায় বৈঠক হলেও বিষয়টি সুরাহা হয়নি।
তিন বাজারের ব্যবসায়ী ও ইজারাদারের লোকজন সূত্রে জানা গেছে, চলতি বাংলা সনে বাজার তিনটি স্থানীয় শফিকুর রহমান নামের এক ব্যক্তি ইজারা পান। বাংলা নতুন বছরের প্রথম দিন থেকে তিনি বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো থেকে টোল আদায়ের চেষ্টা করছেন। বাজার সমিতির নেতারা সপ্তাহে দুই থেকে তিন দিন ছোট দোকানপ্রতি দু-তিন টাকা এবং ধান ব্যবসায়ীরা বস্তাপ্রতি ১০ টাকা টোল দিতে চান। কিন্তু ইজারাদার ব্যবসাপ্রতিষ্ঠানভেদে প্রতিদিন ১০-৩০ টাকা করে টোল নিতে চান। এ নিয়ে বিরোধের জের ধরে ব্যবসায়ীরা ইজারা বাতিলের দাবিতে একাধিকবার ধর্মঘট পালন ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আবেদন জানান। এ বিরোধের জের ধরে গত বুধবার দুপুরে ইজারাদারের লোকজন ভবেরবাজারের ধান ব্যবসায়ী মো. আমিনের ৭১ বস্তা ধানসহ একটি ট্রাক্টর আটক করে বস্তাপ্রতি ১২ টাকা করে টোল আদায়ের চেষ্টা চালান। কিন্তু ধানগুলো ভবেরবাজার থেকে নয়, নীলফামারীর ঢেলাপীরহাট থেকে কেনা হয়েছে বলে দাবি করেন ট্রাক্টরের সঙ্গে থাকা ব্যবসায়ীর কর্মচারীরা। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ইজারাদারের লোকজন ধানসহ ট্রাক্টরটি জোর করে আটকে পার্বতীপুর থানায় নিয়ে যান। সেখানে ট্রাক্টরটি আটকে টোল আদায়ের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ওই ধান ব্যবসায়ী। গতকাল শুক্রবার পর্যন্ত ট্রাক্টরটি থানায় আটক ছিল।
বানিয়াপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সাজেদুর রহমান অভিযোগ করেন, ‘আমরা কোনো সরকারি জমিতে না, ভাড়া নেওয়া ও পৈতৃক জমিতে দোকানপাট করে ব্যবসা করছি। ’
ভবেরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জগদ্বীশ চন্দ্র বলেন, ‘আমরা সপ্তাহে দুই থেকে তিন দিন টোল দিতে চাই, প্রতিদিন না। কিন্তু এখন ইজারাদারের লোকজনের হুমকি-ধমকিতে আমরা ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেতেও ভয় পাচ্ছি।’
ইজারাদার শফিকুর রহমান দাবি করেন, ‘আমি নগদ টাকা দিয়ে বাজারগুলো ইজারা নিয়েছি। ১৪ ও ২০ মে টোল আদায় করতে গেলে ব্যবসায়ীরা একজোট হয়ে টোল না দিয়ে উল্টো আমার কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাই ২৪ মে ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে আমি মামলা করেছি। ’
দিনাজপুর থানার ওসি মাহমুদুল আলম বলেন, ‘সরকার রাজস্ব আয় বাড়াতে বাজার ইজারা দিয়েছে। সরকারি কাজে সহায়তা করা আমাদের দায়িত্ব।’ তিনি বলেন, ‘দুই পক্ষকে নিয়ে গত বুধ ও বৃহস্পতিবার দুই দফা বৈঠক করেছি। আশা করি, সমস্যা কেটে যাবে।’ ইউএনও রাহেনুল ইসলাম বলেন, সরকারি বা ব্যক্তিগত যেকোনো স্থানেই পণ্য কেনাবেচা হলে সরকার টোল আরোপ করতে পারে। সরকারি বিধি অনুসরণ করেই ওই বাজার তিনটি ইজারা দেওয়া হয়।