টোল আদায় সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে সুরমা নদীর ওপর নির্মিত ‘আব্দুজ জহুর সেতুতে’ টোল আদায়ের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। জেলার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ ভবনের সামনের সড়কে গত শনিবার দুপুরে ‘সচেতন বিশ্বম্ভরপুর বাসী’ এর আয়োজন করে।
এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় সুরমা নদীর ওপর ৭১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু গত ২০ আগস্ট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সেতুর দৈর্ঘ্য ৪০২.৬১ মিটার।
মানববন্ধন চলার সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হারুনুর রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, জেলা ছাত্রলীগের সহসভাপতি মোশারফ হোসেন, উপজেলা লেগুনা-সিএনজি-অটোচালক সমিতির সভাপতি সাজিদুর রহমান প্রমুখ।