টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ, সড়ক অবরোধ
পঞ্চগড় পৌরসভা এলাকায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের কাছে অতিরিক্ত মাশুল (টোল) আদায়কে কেন্দ্র করে চালক ও ইজারাদারের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শহরের জালাসী মোড় এলাকায় পঞ্চগড়-টুনিরহাট সড়কে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়। এ ঘটনায় চালক ও স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় পৌরসভার উদ্যোগে জরুরি বৈঠক করা হয়। বৈঠকে টোল কমানোর সিদ্ধান্ত হয়।
শ্রমিকেরা জানান, পঞ্চগড় পৌরসভা এলাকার বিভিন্ন সড়কে গত এক বছর ধরে ইজারা ছাড়াই সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের কাছ থেকে পৌরসভার পক্ষ থেকে ১০ টাকা হারে টোল আদায় করা হতো। কিন্তু শ্রমিকদের সঙ্গে আলোচনা ছাড়াই নতুন অর্থবছরে স্ট্যান্ড ও পার্কিং ইজারা দেয় পঞ্চগড় পৌরসভা। গতকাল সকালে জেলা শহরের বিভিন্ন সড়কে ইজারাদারের লোকজন ওই সব যানবাহন থেকে ২০ টাকা হারে টোল আদায় শুরু করে। অতিরিক্ত টোল দিতে আপত্তি করলে শ্রমিক ও চালকদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে অটোরিকশাচালক তরিকুল ইসলাম, মো. বাবু ও মো. শাহিনসহ উভয়পক্ষের পাঁচজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তরিকুল ইসলামকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পঞ্চগড় পৌরসভা মেয়র তৌহিদুল ইসলাম বলেন, ইজারা ছাড়াই পৌরসভার পক্ষ থেকে ১০ টাকা হারে টোল নেওয়া হতো। নতুন অর্থবছরে তা ২০ টাকা করা হয়েছিল। শ্রমিকদের আপত্তির মুখে আজ সন্ধ্যায় বৈঠকে টোলের হার কমিয়ে ১৫ টাকা করা হয়।