টোল আদায়ের নামে দুই পৌরসভার চাঁদাবাজি?
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নবগঠিত আড়াইহাজার ও গোপালদী পৌরসভার পক্ষ থেকে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। ঢাকা-আড়াইহাজার-বিশনন্দী-বাঞ্ছারামপুর সড়কে চলাচলকারী যানবাহন থেকে এ চাঁদা আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন বিভিন্ন যানবাহনের চালকেরা।
তবে গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম শিকদার ও আড়াইহাজার পৌরসভার মেয়র হাবিবুর রহমান বলেন, যানবাহন থেকে চাঁদা আদায় করা হয় না। পৌরসভার বিধান অনুযায়ী, যানবাহন থেকে পার্কিং ফি আদায় করা হয় মাত্র।
ব্রাহ্মণবাড়িয়ার সিএনজিচালিত অটোরিকশা চালক রাকিবুল জানান, বাঞ্ছারামপুর-আড়াইহাজার-ঢাকা সড়কে চলাচলকারী ছোট-বড় কোনো যানবাহনই ওই দুটি পৌর এলাকায় পার্কিং করে না বা যাত্রী ওঠানো-নামানোও করে না। অথচ বিশনন্দী ফেরিঘাট পার হয়ে কড়ইতলা সেতুর কাছে ও আড়াইহাজারের প্রবেশ পথে চৌরাস্তায় গাড়ি আটকিয়ে চাঁদা নেওয়া হয়। অটোরিকশা নিয়ে বিশনন্দী ফেরিঘাট যেতে আড়াইহাজার চৌরাস্তায় ২০ টাকা এবং কড়ইতলা সেতুর কাছে ৩০ টাকা দিতে হয়।
পিকআপ ভ্যানচালক আরিফুল ইসলাম জানান, জোর করে গাড়ি থামিয়ে সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাস থেকে ৩০ টাকা, মিনিবাস ও ছোট ট্রাক থেকে ৫০ টাকা এবং বড় যানবাহন থেকে ৬০ টাকা করে চাঁদা নেওয়া হয়। চাঁদা না দিলে প্রতিনিয়ত চালক ও যাত্রীদের শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানা গেছে, যোগাযোগ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া পৌরসভার পক্ষ থেকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগের সড়কগুলোতে টোল আদায় করা যাবে না।
সওজের আওতাধীন সড়কে টোল আদায়ের কথা স্বীকার করে হালিম শিকদার জানান, চাঁদাবাজি নয়, নিয়ম মেনেই যানবাহন থেকে টোল আদায় করা হচ্ছে।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুলশান আরা জানান, পৌর মেয়ররা টোলের নামে সড়ক থেকে কোনো ধরনের টাকা আদায় করতে পারবেন না। তাঁদের মাসিক সভায় বারবার এ বিষয়ে সতর্ক করা হয়েছে।