টোল আদায়ের প্রতিবাদে আবার সেতু অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইকেল আরোহীদের কাছ থেকে টোল আদায়ের প্রতিবাদে আবার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের সৈয়দ মাছ-উদ রুমী সেতু অবরোধ করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার ওই ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিপেটা করে অবরোধকারীদের সরিয়ে দেয়।
গতকাল সকাল পৌনে নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত সেতু অবরোধ করে রাখা হয়। এর আগে একই দাবিতে গত বুধবার সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত সেতু অবরোধ করা হয়েছিল।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেন, অবরোধকারীদের পুলিশ সরিয়ে দিয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, প্রত্যক্ষদর্শী ও কয়েকজন এলাকাবাসী সূত্রে জানা যায়, সওজ চলতি বছরের ১৩ অক্টোবর থেকে ২০১৬ সালের ১২ অক্টোবর পর্যন্ত টোল আদায়ের জন্য দরপত্রের মাধ্যমে ৫ কোটি ১৬ লাখ টাকার চুক্তিতে ঠিকাদার নিয়োগ দেয়। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে দৃষ্টি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের লোকজন দিয়ে সেতুর টোল আদায় শুরু করে। ঠিকাদারি প্রতিষ্ঠান বিভিন্ন যানবাহন ছাড়াও সাইকেল আরোহীদের কাছ থেকে টোল আদায় শুরু করে। এর প্রতিবাদে বুধবার অবরোধ হয়।
গতকাল সকালে ঠিকাদারের লোকজন আবার সাইকেলের টোল আদায় শুরু করলে এলাকাবাসী ও সাইকেল আরোহীসহ ৩০০ থেকে ৪০০ লোক সেতুর পূর্ব পাশে জড়ো হয়ে অবরোধ করেন। খবর পেয়ে কুমারখালী থেকে পুলিশ গিয়ে তাঁদের লাঠিপেটা করে সরিয়ে দেয়।
ওসি মহিবুল বলেন, বিষয়টি নিয়ে সওজ, ঠিকাদারি প্রতিষ্ঠান, এলাকাবাসী ও জেলা প্রশাসনের সমন্বয়ে একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার আলোচনা চলছে।