টোল আদায়ের প্রতিবাদে ধর্মঘট, জনদুর্ভোগ
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা এলাকায় পার্কিং সুবিধা না দিয়ে টোল আদায়ের প্রতিবাদে গতকাল শনিবার উপজেলায় ধর্মঘট পালন করেছেন সিএনজিচালিত অটোরিকশার মালিক ও চালকেরা।
এদিকে যাত্রী কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন অটোরিকশার মালিক ও চালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে স্থানীয় সাংসদ আবু রেজা মুহাম্মদ নদভীর কাছে স্মারকলিপি দিয়েছে।
অটোরিকশা ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
সাতকানিয়া উপজেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক ও চালক সমিতি সূত্র জানায়, ‘পৌরসভা এলাকার কোথাও টার্মিনাল নেই। টার্মিনাল না থাকার পরও পার্কিং চার্জের নামে পৌরসভার বিভিন্ন সড়কে গাড়ি থামিয়ে টোল আদায় করা হচ্ছে। এভাবে অবৈধভাবে টোল আদায়ের প্রতিবাদে ধর্মঘট পালন করা হচ্ছে।’
কেরানীহাট অটোরিকশা মালিক সমিতির সভাপতি নুরুল আমিন প্রথম আলোকে বলেন, টার্মিনাল না থাকায় সড়কের ওপর দোকানের সামনে গাড়িতে যাত্রী ওঠা-নামা করাতে গিয়ে চালকেরা গালমন্দ শুনছেন।
টোল আদায়ের দায়িত্ব পাওয়া ইজারাদার নুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা ইজারা নিয়ে টোল আদায় করছি। টার্মিনালের দায়িত্ব আমাদের নয়। এটা পৌরসভার ব্যাপার।’
সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদুর রহমান বলেন, ‘আইন অনুযায়ী টোল আদায় করা হচ্ছে। পৌর এলাকার যেখানেই যাত্রী ওঠানামা করা হোক না কেন, সেটাই পার্কিং।’