টোল আদায়ের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে সুরমা নদীর ওপর নির্মিত ‘আব্দুজ জহুর সেতুতে’ টোল আদায়ের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল শনিবার দুপুর একটার দিকে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ ভবনের সামনের সড়কে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)’ এ কর্মসূচির আয়োজন করে। সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় সুরমা নদীর ওপর ৭১ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি গত ২০ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটে সুরমা নদীর ওপর চারটি সেতু আছে। এর কোনোটিতেই টোল আদায় করা হয় না। সুনামগঞ্জ শিক্ষা ও যোগাযোগের ক্ষেত্রে পিছিয়ে পড়া এলাকা। জেলাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতের এই সেতু নির্মাণ করা হয়েছে। এখন একটি পক্ষ নিজেদের স্বার্থে এখানে টোল আদায়ের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাঁরা এই সিদ্ধান্ত বাতিলের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিন বলেন, মন্ত্রণালয় নির্মিত কোনো সেতুর দৈর্ঘ্য ১৫০ মিটার হলেই নীতিমালা অনুযায়ী সেই সেতু টোলের আওতায় আসে। আব্দুজ জহুর সেতুর দৈর্ঘ্য ৪০২ মিটার। তাই নীতিমালা অনুযায়ী মন্ত্রণালয় টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছে।
গতকালের মানববন্ধনে বক্তব্য দেন পুসাবের সভাপতি জাহিদুল ইসলাম, সহসভাপতি কানন দাশ, সাধারণ সম্পাদক হুসাইন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ বর্মণ, পুসাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল নোমান, আরাফ আহমেদ প্রমুখ। পরে একই দাবিতে পরে উপজেলা ইউএনও মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।