টোল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ
কুড়িগ্রামের ধরলা সেতুতে নতুন করে আরোপিত টোল প্রত্যাহারের দাবিতে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে গতকাল বুধবার সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
এসব কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, সদস্যসচিব ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, আওয়ামী লীগ নেতা অলক সরকার, বাসদ নেতা মোনাব্বর হোসেন, শ্রমিকনেতা আবদার হোসেন, অটোচালক সমিতির সভাপতি হারুন উর রশিদ, শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুর রহিম, ঘোগাদহ ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মালেক, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম, মহিলা পরিষদের শুব্রতা রায় প্রমুখ।
বক্তারা বলেন, ধরলা সেতুতে চলাচলকারী সাইকেল, রিকশা, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি, অটো, মোটরসাইকেল, ঘোড়ার গাড়ি, গরুর গাড়িতে নতুন করে যে টোল আরোপ করা হয়েছে তা দ্রুত প্রত্যাহার করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি দেন। আজ বৃহস্পতিবার একই দাবিতে নাগেশ্বরী বাজারে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।