টোল সড়ক নয়, তবু টোল আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ১৩ বছর পরে রাজশাহীর মোহনপুর-তানোর উপজেলার মধ্যে সংযোগকারী ‘গোল্লাপাড়া-সইপাড়া’ সড়কে হাঁটছে মানুষ। কর্তৃপক্ষ এটিকে টোল সড়ক ঘোষণা করেনি। তবু এটি দিয়ে হাঁটতে মানুষকে টোল দিতে হচ্ছে।
এর আগে ঘাটের টোলের বিনিময়ে নৌকায় পারাপারের ব্যবস্থা ছিল। এখন হেঁটে পার হলেও টোল আদায় করা হচ্ছে। ক্ষুব্ধ পথচারীরা বলছেন, এ সড়কের চেয়ে নৌকাই ভালো ছিল।
স্থানীয় অনেকে জানান, ২০০১ সালের নির্বাচনের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তানোরে এক জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তানোর থেকে মোহনপুর উপজেলায় সরাসরি যোগাযোগের জন্য তানোর উপজেলার গোল্লাপাড়ায় শিব নদের ওপর একটি সেতু নির্মাণ করা হবে। চারদলীয় জোট সরকারের শেষ সময়ে স্থানীয় তৎকালীন সাংসদ ও টেলিযোগাযোগমন্ত্রী আমিনুল হক ২০০৬ সালের ৪ মার্চ সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০৭ সালের ১৫ জুন ২১০ দশমিক ০৫ মিটার দীর্ঘ এ সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ হয়েছে ২০১২ সালে। সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক ছিল না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, সেতুর সঙ্গে সংযোগ সড়কের বরাদ্দ ধরা ছিল না। সেতুর দুই পাশে সংযোগ সড়কের জন্য ১৭ দশমিক ৬২ একর জমি অধিগ্রহণ করতে হয়। এ জন্য দীর্ঘ সময় লেগে যায়। এ সময় সেতুর পাশ দিয়েই মানুষ নৌকায় চড়ে তানোরের গোল্লাপাড়া থেকে মোহনপুরের সইপাড়া যাতায়াত করতেন। মাস দুয়েক আগে এ সড়ক মানুষের পায়ে চলাচলের উপযুক্ত হয়েছে। এর পর থেকে খেয়াঘাটের নৌকা বন্ধ করে দেওয়া হয়েছে।
এখন তানোরের গোল্লাপাড়ায় একটি টোলঘর করা হয়েছে। এখানে সারাক্ষণ একজন টোল আদায়কারী বসে থাকেন। তিনি একজন পথচারীর কাছে এ সড়ক হয়ে একবার যাওয়ার জন্য পাঁচ টাকা এবং ফেরার পথে আরও পাঁচ টাকা আদায় করছেন।
গত রোববার এ সড়কে গিয়ে দেখা যায়, সড়কের শুরুতে গোল্লাপাড়া বাজারের নিচে টোলঘরে বসে রয়েছেন টোল আদায়কারী রফিজ উদ্দিন। সড়কে উঠতেই তিনি এই প্রতিবেদকের কাছে টোল দাবি করেন। টোলের রসিদ চাইলে তিনি বলেন, ‘তোমার মাথার ওপরে যে ১০ জন লোক আছে, তাদের নিয়ে আসলেও তুমি রসিদ পাবে না, কিন্তু টাকা দিতেই হবে।’ তিনি বলেন, দুই লাখ ১০ হাজার ৫০০ টাকায় পয়লা বৈশাখে তাঁরা ঘাট ডেকে নিয়েছেন। এক মাস পরেই রাস্তা হয়ে গেছে।
মোহনপুর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আবদুল খালেক (৫৫) তাঁর স্ত্রী রাবেয়া খাতুনকে চিকিৎসক দেখাতে তানোর বাজারে নিয়ে আসছিলেন। রাবেয়া খাতুন বলেন, দেড় কিলোমিটার রাস্তা কাদার মধ্যে হেঁটে এসে ২০ টাকা দিতে হলো। এর চেয়ে নৌকাই ভালো ছিল।
এ সড়ককে টোল সড়ক করা হয়েছে কি না—জানতে চাইলে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজেদা ইয়াসমিন বলেন, এটিকে টোল সড়ক ঘোষণা করা হয়নি। টোল আদায়ের কথাও তিনি শোনেননি। সড়কের কিছু অংশ তানোর পৌরসভার মধ্যে পড়েছে। পৌরসভা কী করছে তিনি জানেন না।
তানোর উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, এ সড়কের জন্য ছয় কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে। তার মাত্র ২৫ শতাংশ কাজ হয়েছে। রাস্তাটি এখনো গাড়ি-ঘোড়াসহ জনগণের চলাচলের উপযুক্ত হয়নি।
তবে তানোর পৌরসভার মেয়র আবুল হাসনাত মুখলেছুর রহমান ফিরোজ সরকার টোল আদায়ের কথা স্বীকার করে বলেন, বছরে তিনি ওই ঘাট থেকে দুই লাখ টাকার রাজস্ব পান। টোল না আদায় করলে তার পৌরসভা রাজস্ব থেকে বঞ্চিত হবে। তিনি বলেন, ‘এখন আপনারা যদি টোল আদায় করতে নিষেধ করেন তাহলে আমাকে রাস্তাটা বন্ধ করে দিতে হবে।’