টোকন ফিরবেন, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টোকন মিয়া
টোকন মিয়া

দরিদ্র পরিবারে সচ্ছলতা আসবে, সুন্দর সংসার গড়বেন। এমন আশা নিয়েই বিয়ের পাঁচ মাসের মাথায় স্ত্রী মিম আক্তারকে রেখে জীবিকার সন্ধানে ওমানে পাড়ি জমান টোকন মিয়া (২৫)। শ্বশুর-শাশুড়ির সঙ্গে দিন কাটাচ্ছিলেন মিম, আর অপেক্ষায় ছিলেন স্বামীর ফেরার। শেষ পর্যন্ত টোকন মিয়া বাড়ি ফিরছেন। তবে জীবিত নন;¹মৃত। স্বামীর লাশের অপেক্ষায় আছেন মিম। তাঁর বুক ভাসছে চোখের পানিতে।
টোকন ঝিনাইদহ সদর উপজেলার শালিয়া গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। গত শনিবার সন্ধ্যায় ওমানে একটি লোহা কাটার মেশিনে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। আগামীকাল বুধবার তাঁর মৃতদেহ বাড়ি পৌঁছাবে বলে আশা করছেন পরিবারের সদস্যরা।
টোকনের প্রতিবেশী মেহেদি হাসান জানান, দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় ঠিকমতো পড়ালেখা করতে পারেননি টোকন। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে কাজ করতে হয়েছে। কষ্ট করে বাবা-ছেলে উপার্জন করলেও তা দিয়ে সংসার চলছিল না। এই অবস্থা থেকে মুক্তির আশায় দুই বছর আগে তিনি ওমান যান। সেখানে নিজুয়া সোহারিয়া শহরে একটি রডের কারখানায় কাজ করতেন। প্রথম পর্যায়ে খুব একটা বেতন পাননি। মাত্র ভালো বেতন পাওয়া
শুরু হয়েছিল। মাস গেলেই বাড়িতে কিছু কিছু করে টাকা পাঠাচ্ছিলেন।
ভাইয়ের সহকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে টোকনের ছোট ভাই সাগর হোসেন জানান, শনিবার সন্ধ্যার দিকে টোকন কারখানায় একটি ড্রামের ওপর দাঁড়িয়ে রড কাটছিলেন। এ সময় পা পিছলে রডকাটা মেশিন নিয়ে নিচে পড়ে যান। এতে তাঁর গলার বাঁ পাশে গভীর ক্ষতের সৃষ্টি হয়। সহকর্মীরা দ্রুত উদ্ধার করে পাশের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সাগর হোসেন বলেন, টোকন তাঁকে বলেছিলেন, আর তিন বছর বিদেশে থাকবেন। এরপর বাড়ি ফিরে সুন্দর সংসার করবেন। বিদেশে যাওয়ার সময় ধার করা টাকা পরিশোধের পর গ্রামে একটা বাড়ি তৈরি করবেন। কিন্তু তার আগেই তিনি চিরদিনের মতো হারিয়ে গেলেন।
সাগর জানান, তাঁদের ফসল ফলানোর কোনো জায়গা-জমি নেই। বাবা আবদুল কুদ্দুসকে অন্যের জমিতে কাজ করে সংসার চালাতে হয়। এই
অবস্থায় প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যাংক এবং একাধিক ব্যক্তির কাছ থেকে ঋণ করে টোকনকে বিদেশে পাঠানো হয়। যার মধ্যে এখনো প্রায় ৮০ হাজার টাকা ঋণ আছে। সাগর হোসেন আরও জানান, এর আগে তাঁর আরও দুই ভাই অসুস্থ হয়ে মারা গেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কবির হোসেন বলেন, টোকনের এই মৃত্যুতে গোটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল। এখন তাদের সংসার কীভাবে চলবে, এটাই সবার প্রশ্ন। আর মা নিলুফা বেগম সন্তানের লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। একই দাবি স্ত্রী মিম আক্তারের।