নারায়ণগঞ্জ নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকার টোকিও প্লাজা-২ ভবনের ফায়ার সার্ভিসের ব্যবহার উপযোগিতার সনদ (অকুপেন্সি সার্টিফিকেট) ছিল না। ফায়ার সার্ভিসের পরিদর্শন ও ছাড়পত্র ছাড়াই মালিকপক্ষ ভবনে বাণিজ্যিক ও আবাসিক কার্যক্রম চালু করেছিল।
গত ১০ আগস্ট টোকিও প্লাজা-২-এর পাঁচতলায় ভয়াবহ আগুন লাগে। আগুনে কোনো প্রাণহানি না ঘটলেও পাঁচতলায় নির্মাণাধীন শিশু বিনোদনকেন্দ্র পুড়ে যায়। পরে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস কমিটি গঠন করে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ডিআইটি বাণিজ্যিক এলাকার সামনের অংশে টোকিও প্লাজা-১ (২২ তলা) ও পেছনের নয়ামাটি অংশে টোকিও প্লাজা-২ (১৬ তলা) অবস্থিত। দুটি ভবনের মাঝখানে জনসাধারণ ও যান চলাচলের জন্য সিটি করপোরেশনের রাস্তা আছে। মালিকপক্ষ দুটি ভবনের মধ্যে যাতায়াতে পাঁচতলায় ইস্পাতের কাঠামোর সংযোগ রাস্তা নির্মাণ করেছে।
মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ বেলালউদ্দিন বলেন, টোকিও প্লাজা-২ ভবনটির পাঁচতলায় নির্মাণাধীন শিশু বিনোদনকেন্দ্র থেকে আগুনের সূত্রপাত। আগুনে পাঁচতলা পুরোটাই পুড়ে গেছে। এ তলায় গ্যাস ও বিদ্যুতের সংযোগ থাকলেও তা কার্যকর ছিল না। গত ঈদুল ফিতরের আগে থেকে নির্মাণাধীন শিশুপার্কের কাজ বন্ধ ছিল। গেটও তালাবদ্ধ ছিল। ধারণা করা হচ্ছে, বাইরে থেকে ছুড়ে ফেলা জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত। ১৬ তলা ভবনের নিচতলা থেকে চারতলা পর্যন্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান। পাঁচতলায় নির্মাণাধীন ইনডোর শিশু বিনোদন পার্ক। ৬ তলা থেকে ১৫ তলা পর্যন্ত আবাসিক ফ্ল্যাট (প্রতি তলায় চারটি ফ্ল্যাট)। ভবনের প্রতিটি ফ্লোরের আয়তন সাত হাজার বর্গফুট। আবাসিক ফ্ল্যাটগুলোর ফ্লোরে অগ্নিনির্বাপক যন্ত্র ও আগুন নেভাতে পানির হোজরিল নেই। তবে ভবনের নিচতলা ও ছাদে পানির জলাধার আছে। ভবনে দুটি সিঁড়ি ও দুটি লিফট আছে। ভবনের প্রথম থেকে চতুর্থ তলা পর্যন্ত সুতার দোকান, হোসিয়ারিশিল্পের ক্ষুদ্র গার্মেন্টস কারখানা, থান কাপড়ের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। মালিকপক্ষ ভবনের নির্মাণকাজ শুরুর আগে ফায়ার সার্ভিসের অনুমোদন নিয়েছিল। কিন্তু নির্মাণকাজ শেষে ফায়ার সার্ভিস থেকে ভবন ব্যবহারের উপযোগিতার সনদ না নিয়েই মালিকপক্ষ বাণিজ্যিক ও আবাসিক কার্যক্রম শুরু করে, যা বেআইনি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক দিনমণি শর্মা বলেন, নারায়ণগঞ্জের বেশির ভাগ বহুতল ভবনে যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। ফায়ার সার্ভিস গত জুলাই মাস থেকে এসব ভবনে জরিপকাজ করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে টোকিও প্লাজা-২-এর মালিক ও সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।