টোকিওতে দুই দিনের বাংলাদেশ উৎসব শুরু হচ্ছে আজ
জাপানের রাজধানী টোকিওর অন্যতম নগর শিবুইয়ার ইয়োইয়োগি পার্কে আজ শনিবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী বাংলাদেশ উৎসব। এ উৎসবের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে দেশটিতে চলতি বছরের মার্চে আঘাত হানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় তহবিল সংগ্রহ করা।দুপুরে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন জাপানের কয়েকজন সাংসদ, বাংলাদেশের রাষ্ট্রদূত, বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন জাপানের এমন কয়েকজন সাবেক রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং জাপানের ব্যবসায়ী ও এনজিও প্রতিনিধিরা। উৎসবের এলাকাজুড়ে তাঁবু খাটিয়ে তৈরি অস্থায়ী বিভিন্ন স্টলে বাংলাদেশি পণ্য ও খাদ্যসামগ্রী বিক্রির পাশাপাশি অন্যান্য কয়েকটি দেশের স্টলও থাকবে। এ ছাড়া উৎসবে বাংলাদেশ থেকে আসা কয়েকজন শিল্পী, জাপানপ্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক সংগঠন উত্তরণ ও স্বরলিপি এবং জাপানের কয়েকটি সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।জাপানিদের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি ও জীবনধারা তুলে ধরতে চার বছর আগে প্রথমবারের মতো বাংলাদেশ উৎসব আয়োজন করা হয়। উৎসবের আয়োজক জাপানপ্রবাসী কয়েকজন বাংলাদেশি।