টোপ ছিল উত্তরপত্রে দেওয়া ফোন নম্বর
এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের উত্তরপত্রে নিজের মোবাইল ফোন নম্বর লিখে দেয় পরীক্ষার্থী। এই টোপ গিলেন পরীক্ষক। দালালের মাধ্যমে ওই নম্বরে যোগাযোগ করে পরীক্ষার্থীর সঙ্গে চুক্তি করে ফেলেন তিনি। উত্তরপত্রের ভুল উত্তর শুধরে দেওয়ার সুযোগ দেওয়া হবে পরীক্ষার্থীকে, বিনিময়ে পরীক্ষক পাবেন মোটা অঙ্কের টাকা। কিন্তু শেষ রক্ষা হয়নি। অপকর্ম করার সময় গোয়েন্দা পুলিশ গিয়ে ওই পরীক্ষার্থী, তার বন্ধু, পরীক্ষক ও দুই দালালকে পাকড়াও করে।রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান জানান, বগুড়ার সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজের ইংরেজির প্রভাষক আবুল কালাম আজাদ পরীক্ষক হিসেবে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে ৩৫০টি খাতা তোলেন। উত্তরপত্র মূল্যায়নের সময় তিনি একটি খাতায় ওই পরীক্ষার্থীর মোবাইল ফোন নম্বর পান। ফোন করে ওই পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করার জন্য আবুল কালাম দুই দালাল নিয়োগ করেন। তারা হলো রাজশাহীর পবা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ইব্রাহীম ও বাগমারা উপজেলার হাটদামনাশ গ্রামের আলতাফ হোসেন ওরফে ফটিক। দালালেরা টেলিফোনে পরীক্ষার্থী রাজশাহী বরেন্দ্র কলেজের ছাত্র আল আমিনের সঙ্গে যোগাযোগ করে। খাতায় উত্তর সংশোধন করে লেখার জন্য দালালেরা আল আমিন ও তার সহপাঠী হাসিবুর রহমানের সঙ্গে পাঁচ হাজার টাকায় চুক্তি করে। এরপর দালালেরা তাদের দুজনকে বগুড়ার সেউজগাড়ি এলাকায় পরীক্ষক আবুল কালামের বাড়িতে নিয়ে আসে। পরীক্ষকের বাড়িতে বসে দুই পরীক্ষার্থী তাদের খাতায় ভুল উত্তর কেটে দিয়ে সঠিক উত্তর লিখছিল। এ সময় সেখানে গিয়ে তাদের ধরে ফেলে গোয়েন্দা পুলিশ। এরপর দুই পরীক্ষার্থী ও দুই দালালসহ পরীক্ষক আবুল কালামকে গ্রেপ্তার করে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে আবুল কালাম জালিয়াতির কথা স্বীকার করেন। দুই দালাল জানায়, আল আমিনের সঙ্গে চুক্তি হয়েছিল, সে আরও ১২ জন পরীক্ষার্থীকে নিয়ে যাবে।সহকারী কমিশনার মাহফুজুর রহমান জানান, ওই পাঁচজনের বিরুদ্ধে নগরের বোয়ালিয়া থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম এ হুরাইরা বলেন, বোর্ডের শৃঙ্খলা কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। সেখানে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হবে। ওই পরীক্ষককে আর পরীক্ষাসংক্রান্ত কাজে না রাখার সিদ্ধান্ত হতে পারে।