টোল আদায় নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
রংপুরের পীরগাছা উপজেলার দেউতি বাজারে গত মঙ্গলবার রাতে টোল আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার দেউতি বাজারের হাট ইজারাদার এরশাদ হোসেনের নিয়োজিত এক ব্যক্তি মঙ্গলবার রাত ১০টার দিকে আবদুল মান্নানের চায়ের দোকানে টোল আনতে যান। মান্নান টোল দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়।
বিষয়টি এরশাদ হোসেন জানলে তিনি লোকজন নিয়ে এর প্রতিবাদ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং এতে ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় আংগুর মিয়া ও সাখাওয়াত হোসেনকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরশাদ হোসেন অভিযোগ করেন, ‘টোল আদায়কে কেন্দ্র করে আবদুল মান্নান ও তাঁর লোকজন আমার অফিসে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর ও ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যান।’ আবদুল মান্নান বলেন, ‘অতিরিক্ত টোল না দেওয়ায় ইজারাদার ও তাঁর লোকজন আমার চায়ের দোকানে হামলা চালান এবং কর্মচারীকে মারপিট করে আহত করেন।’