টোল আদায় বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে সুরমা নদীর ওপর নির্মিত আব্দুজ জহুর সেতুতে টোল আদায় বন্ধের দাবি জানিয়েছে জেলার ২৫টি সামাজিক সংগঠন। গতকাল শনিবার সিলেট সার্কিট হাউসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করে এসব সংগঠনের নেতারা এই দাবিতে স্মারকলিপি দেন। একই দাবিতে সুনামগঞ্জ শহরে গতকাল বিক্ষোভ হয়েছে।
সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকায় সুরমা নদীর ওপর ৭১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু গত ২০ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার থেকে এই সেতুতে টোল আদায় শুরু করেছে সওজ।
গতকাল সকালে মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি রাজ উদ্দিন প্রমুখ।
সুনামগঞ্জের প্রবীণ আইনজীবী ও লেখক হোসেন তওফিক চৌধুরী বলেন, সুরমা নদীর উত্তর পাড়ের মানুষের আর্থিক অবস্থা ভালো নয়। অনুন্নত সড়ক যোগাযোগের কারণে এখনো বাস চলাচলই শুরু হয়নি। এ অবস্থায় টোল আদায় শুরু হয়েছে।
বিশ্বম্ভরপুর সমিতি সিলেটের আহ্বায়ক শাহ মো. হারুন অর রশিদ বলেন, ‘আমরা মন্ত্রীর কাছে সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে টোল আদায় বন্ধের দাবি জানিয়েছি। বিষয়টি তিনি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।’
উদ্বোধনের পর থেকেই সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন এই সেতুতে টোল আদায়ের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে আসছেন। গতকাল দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ শহরের স্টেশন রোড, ট্রাফিক পয়েন্টসহ কয়েকটি জায়গায় টেম্পো, লেগুনা ও অটোরিকশাচালকেরা বিক্ষোভ করেন।
এর আগে বিশ্বম্ভরপুর, তাহিরপুর, সুনামগঞ্জ ও সিলেটে মানববন্ধন হয়েছে। প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে। গত মঙ্গলবার একই দাবি জানান, সুনামগঞ্জ-৪ আসনের (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিন বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আছে কোনো সেতুর দৈর্ঘ্য ১৫০ মিটার হলে সেটিতে টোল আদায় করা হবে। আব্দুজ জহুর সেতুর দৈর্ঘ্য ৪০২ দশমিক ৬১ মিটার। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার থেকে এই সেতুতে টোল আদায় শুরু হয়েছে।