টোল আদায়ে নৈরাজ্য
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার হাটবাজারের ইজারাদার অতিরিক্ত টোল আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে একই পণ্যের জন্য একাধিকবার টোল আদায় করা হচ্ছে। আত্মীয় হওয়ায় মেয়র ইজারাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, নিয়মানুযায়ী ইজারাসংক্রান্ত পণ্যের মূল্যতালিকা শহরের বিভিন্ন স্থানে টাঙানোর কথা। কিন্তু একটি স্থানেও তালিকা টাঙানো হয়নি।
ইজারাদারের প্রতিনিধি নাসির উদ্দীন ফুলবাড়ী শাখা যমুনা সেতুর পূর্ব পাশ থেকে টোল আদায় করেন। তিনি বলেন, পৌর কর্তৃপক্ষ এক বান্ডেল ঢেউটিনের জন্য ১৫-২০ টাকা, প্রতি মণ রড সাত-আট, প্রতি মণ ধান-চাল সাত-আট, প্রতিটি চেয়ার-টেবিল ৮-১০, রেফ্রিজারেটর ৫০-৬০ ও টেলিভিশন প্রতি সেটের জন্য ২৫-৩০ টাকা টোল নির্ধারণ করে দিয়েছে। কিন্তু পৌরসভার টোল আদায়ের তালিকা যাচাই করে দেখা গেছে, প্রতি বান্ডেল ঢেউটিনের জন্য নয় টাকা আদায় করতে বলা হয়েছে। সেখানে চেয়ার-টেবিল, প্রতি মণ রড, রেফ্রিজারেটর ও টেলিভিশনের জন্য আলাদাভাবে টোল আদায়ের কথা বলা হয়নি।
চকচকা গ্রামের আবু তাহের জানান, ৩২০ টাকার একটি কাঠের চৌকি (খাট) কেনার পর তাঁকে ৮০ টাকা টোল দিতে হয়েছে। লালপুর গ্রামের জব্বার মণ্ডল ও আবদুল খালেক বলেন, পৌর শহরের কাটিহার ব্রিজ এলাকা দিয়ে এক বান্ডেল ঢেউটিন কিনে বাড়িতে নিয়ে আসার সময় ইজারাদারের লোকজন তাঁদের কাছ থেকে ৫০ টাকা নিয়েছেন।
ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক এম এ কাইয়ুম বলেন, অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি তাঁরা একাধিকবার মেয়রকে জানিয়েছেন। কিন্তু মেয়র কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
হাট ইজারাদার মো. বুলবুল হোসেন বলেন, হাটের ইজারা আমার নামে নেওয়া হয়েছে। কিন্তু প্রকৃত ইজারাদার হলেন মেয়রের মামাতো বোনের স্বামী জুলফিকার আলী ও মামাতো শ্যালক হুমায়ুন কবীর।
জুলফিকার আলী দাবি করেন, তাঁরা এক পণ্যের জন্য দুবার টোল আদায় করছেন না। রাস্তার ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে টোল আদায় করা হচ্ছে কেন, জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এভাবে টোল আদায় হওয়ায় তাঁরাও আদায় করছেন।
মেয়র মানিক সরকার জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ইজারাদারকে ডেকে সতর্ক করা হয়েছে। শিগগিরই শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টোল আদায়ের তালিকা টাঙানো হবে। তিনি দাবি করেন, ইজারাদার জুলফিকার ও হুমায়ুন কবীর তাঁর আত্মীয় নন।