টোল আদায় নিয়ে দু'রকম কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য উদ্বোধন করা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে অতিরিক্ত টোল আদায় নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে ওরিয়ন গ্রুপ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

ওরিয়ন গ্রুপ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কনসেশন চুক্তি অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের সংশোধিত টোলের হার (ভ্যাটসহ) ঘোষণা করেছে। ওরিয়ন গ্রুপের ম্যানেজার (সাপ্লাই চেইন) চৌধুরী খালেদ মাসুদ ওই প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলেছেন। 

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনছার আলী খান প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। এ বিষয়ে সরকারের কোনো অনুমোদন নেই। চুক্তির বাইরে গিয়ে সিটি করপোরেশন বা ওরিয়ন গ্রুপ কেউ কোনো পদক্ষেপ নিতে পারবে না।

আনছার আলী খান বলেন, ‘অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়ার পর থেকেই আমি ওরিয়ন গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তাঁরা এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।’

প্রধান নির্বাহী কর্মকর্তা আরও জানান, ‘অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে বিভিন্ন মহল ও গণমাধ্যম থেকে অভিযোগ আসার পর আমি নিজে টোল আদায় স্থানে গিয়েছি, দেখেছি তারা একটি সংশোধিত চার্ট লাগিয়েছে যার বিষয়ে সিটি করপোরেশন কিছুই জানে না। আমি কিছু রসিদও সংগ্রহ করেছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চুক্তি যে-ই ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের সংশোধিত টোলের প্রেস রিলিজে টোলের যে হার (ভ্যাটসহ) ঘোষণা করছে, তা নিম্নরূপ:

যানবাহনেরধরন

সংশোধিত টোলের হার (ভ্যাট সহ)

মোটর সাইকেল/ দ্বিচক্র যান)

১০.০০ টাকা

অটো সিএনজি

১৮.০০ টাকা

কার

৬০.০০ টাকা

জিপ

৭০.০০ টাকা

মাইক্রোবাস

৮৫.০০ টাকা

পিক-আপ

১৩০.০০ টাকা

মিনি বাস

১৭৩.০০ টাকা

বাস

২৬০.০০ টাকা

ট্রাক (৪-চাকা)

১৭৩.০০ টাকা

ট্রাক (৬-চাকা)

২৬০.০০ টাকা

ট্রেইলার

৩৪৫.০০ টাকা