টোল আদায়ের নামে কোটি টাকার চাঁদাবাজি
সেতু নেই। নদী পারাপারের জন্য ইজারাদারের কোনো নৌকাও নেই। নদী পার হতে হচ্ছে নিজ দায়িত্বে। তবু পার হলেই একটি মুরগির বাচ্চার জন্য এক টাকা, এক কেজি বীজের জন্য এক টাকা, একটি চারা গাছের জন্য তিন, একটি গরুর জন্য ১০০, একজন রোগীর জন্য ৫০ এবং নববধূর জন্য এক থেকে দেড় হাজার টাকা টোল গুনতে হচ্ছে। অভিযোগ উঠেছে, রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর ঘাটে টোলের নামে এভাবে বছরে প্রায় কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে। এমন টোল আদায়ের খবর জানেন না রাজশাহী বিভাগীয় কমিশনার। আর শুনে বিস্ময় প্রকাশ করেছেন জেলা প্রশাসক। গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ও আলাতলী—এ দুই ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পদ্মা নদীর ওপারের চরে বাস করে। বৈরী প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকা চরের মানুষগুলোকে নিত্যপ্রয়োজনে পদ্মা পার হয়ে আসতে হয় গোদাগাড়ীতে। নিজের নৌকায় হোক আর ভাড়ার নৌকায় হোক, নদী পার হলেই ইজারাদারকেও দিতে হয় টোল।স্থানীয় লোকজনের অভিযোগ, এমনিতেই তাঁরা (ইজারাদার) পার করে দেন না। আবার টোলের সরকারি তালিকাও দেখান না। টোল আদায়কারীরা তাঁদের সঙ্গে সন্ত্রাসীদের মতো আচরণ করেন। তাঁরা বলেন, এটা টোল না, চাঁদাবাজি। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অধীনে এ উপজেলায় পদ্মা নদীর দুটি ফেরিঘাট ইজারা দেওয়া হয়। এগুলো হচ্ছে, গোদাগাড়ী ও সুলতানগঞ্জ ফেরিঘাট। রাজশাহী জেলা পরিষদের অধীনে রয়েছে আরও তিনটি। এগুলো হচ্ছে, বিদিরপুর, ফুলতলা ও প্রেমতলী ফেরিঘাট। পয়লা বৈশাখে কমিশনারের কার্যালয়ের দুটি ঘাট প্রায় ৪৮ লাখ এবং জেলা পরিষদের তিনটি ঘাট প্রায় ১৭ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে। শর্তানুযায়ী ইজারাদার যাত্রী ও মালামাল পার করে দেওয়ার বিনিময়ে টোল আদায় করবেন। দুটি কার্যালয়ের নির্ধারিত টোলের তালিকাও রয়েছে।সেই তালিকা খতিয়ে দেখা গেছে, গৃহস্থের গরু-মহিষ পার করে দেওয়ার বিনিময়ে ইজারাদার টোল নেবেন ২৫ টাকা। অথচ একটি গরু নিয়ে যেতে টোল ও নৌকাভাড়া মেটাতে হচ্ছে ১৪০ টাকা। তালিকা অনুযায়ী ১৫ কেজি মালামালসহ একজনের টোল হচ্ছে তিন টাকা। সেখানে কারও হাতে এক লিটার ডিজেল থাকলে ডিজেলের জন্যই টোল নেওয়া হচ্ছে আট টাকা। মালামালসহ পদ্মা পার হতে একজন কৃষকের সরকারি তালিকার চেয়ে তিন-চার গুণ বেশি টাকা গুনতে হচ্ছে।রেলবাজার ঘাটে নৌকায় উঠছিলেন দিয়ার মানিকচরের কৃষক রেজাউল করিম। টোলের কথা জিজ্ঞেস করতেই হাতের ব্যাগ মাটিতে রেখে বলতে শুরু করলেন, ‘কারও কাছে টাকা না থাকলে ঘাটের লোকেরা তার গামছা পেলে গামছা, ব্যাগ পেলে ব্যাগ কেড়ে রাখে। একজন লোকের পার হতে নৌকায় লাগে আট টাকা, আবার ঘাটে লাগে তিন টাকা। একটা বিরিজ নাই, একটা খেয়ার নাও নাই। ক্যানে টাকা লিবে? এটা দেখার কেহু নাই? বলতে গেলে কান্দন চইল্যা আসে।’ তিনি আরও বলেন, ‘একটা রোগী পাইলে ঘাটের লোকের ঈদ লাইগে যায়। ৫০ টাকার কমে ছাড়ে না। আর বিহের বউ পাইলে তো আর কথাই নাই। এক-দেড় হাজার আদায় করে ছাড়বে।’কোদালকাটিচরের সেরাজুল ইসলাম বলেন, ‘একটা গরু পার করতে ঘাটে লিবে ১০০ টাকা। আবার নৌকায় লাগবে ৪০ টাকা। ওদের ল্যাগে হামরা কিছু লিজাইতে পারি না। এক মণ ধান পার করতে নৌকায় লিবে ১০ টাকা, আবার ঘাটে লিবে আট টাকা। আর গাড়ি ভাড়া লাগে ৩০ টাকা। এখন ৫০০ টাকা মণ ধান বেইচ্যা আর কয় ট্যাকা থাকে কহন?’ গত রোববার গোদাগাড়ীতে গিয়ে দেখা যায়, উপজেলার হাটপাড়া থেকে রেলবাজার এলাকায় টোল আদায় করছেন ইজারাদার আবদুল হান্নানের লোকজন। হাটপাড়াঘাটে যিনি টোল আদায় করছেন, কিছুতেই তিনি নিজের নাম বলেননি। তবে তিনি বলেন, ‘ঘাটের পয়সা আলাদা, পারের ভাড়া আলাদা দিতে হবে। এটাই নিয়ম। তালিকা বলে কোনো কথা নাই।’মুঠোফোনে ইজারাদার আবদুল হান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ২৪ লাখ টাকা দিয়ে এ ঘাট এক বছরের জন্য ইজারা নিয়েছেন। পারাপারের ব্যবস্থা না করে কেন টোল নিচ্ছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘মানুষ একখানে উঠে আরেকখানে গিয়ে নামে, এ জন্য এটা করা যায় না।’ সেতু নেই, ইজারাদারের নৌকা নেই, তবু টোল আদায়ের কথা শুনে রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান ভুক্তভোগীদের লিখিত অভিযোগ করতে বলেন। রাজশাহীর জেলা প্রশাসক আবদুল হান্নান এভাবে টোল আদায়ের কথা শুনে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, টোল নিতে হলে পারাপারের ব্যবস্থা করে দিতে হবে। তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন।