টোল আদায়ের প্রতিবাদে আবার অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টোল আদায়ের প্রতিবাদে আবার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের সৈয়দ মাছ-উদ রুমী সেতু অবরোধ করেছে এলাকাবাসী। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত সেতুতে অবরোধ করা হয়।

গতকাল বুধবার সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত সেতুতে অবরোধ ছিল। এতে সড়কের দুই পাশে প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলামের ভাষ্য, অবরোধকারীদের পুলিশ সরিয়ে দিয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান দৃষ্টি এন্টারপ্রাইজের ঠিকাদার হালিমুজ্জামানের ভাষ্য, পুলিশ ধাওয়া দিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, প্রশাসন, প্রত্যক্ষদর্শী ও কয়েকজন এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর ধরে সওজ সৈয়দ মাছ-উদ রুমী সেতুর টোল আদায় করে আসছে।

গত সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে বৃষ্টি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান লোকজন দিয়ে সেতুর টোল আদায় শুরু করে। সওজ চলতি বছরের ১৩ অক্টোবর থেকে ২০১৬ সালের ১২ অক্টোবর পর্যন্ত এক বছর টোল আদায়ের জন্য পাঁচ কোটি ১৬ লাখ টাকার চুক্তিতে ঠিকাদার নিয়োগ দেয়। এই সেতু দিয়ে কুমারখালী থেকে প্রতিদিন সকালে কয়েক হাজার সাইকেল আরোহী কুষ্টিয়া শহরে যায়। ঠিকাদারি প্রতিষ্ঠান বিভিন্ন যানবাহনসহ সাইকেল আরোহীদের কাছ থেকেও টোল আদায় শুরু করে। এর প্রতিবাদে গতকাল অবরোধ হয়।