টোল আদায়ের প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই বছর পর আবারও হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ সড়কের শহীদ রফিক সেতুতে তিন ও দুই চাকার যানবাহন থেকে টোল আদায় করা হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) গত মঙ্গলবার মধ্যরাত থেকে এসব যানবাহনে টোল আদায় শুরু করেছে। এতে টোল আদায় নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে।
এদিকে পুনরায় টোল আদায়ের প্রতিবাদে সিএনজিচালিত অটোরিকশার মালিক ও চালকেরা গতকাল বুধবার সেতুর সিঙ্গাইর প্রান্তে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
সওজ সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে ইজারাদার কর্তৃপক্ষ মেসার্স এইচ এন ব্রিকস সওজের নির্ধারণ করে দেওয়া হার অনুযায়ী তিন ও দুই চাকাসহ সব ধরনের যানবাহন থেকে টোল আদায় করে। কিন্তু অটোরিকশার মালিক ও চালকেরা টোল আদায়ের প্রতিবাদে ২০১৩ সালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরবর্তী সময়ে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সওজের কাছে দেওয়া এক চিঠিতে তিন ও দুই চাকার যানবাহন থেকে টোল প্রত্যাহার করা হয়।
মেসার্স এইচ এন ব্রিকসের টোল আদায়ের মেয়াদ গত মঙ্গলবার রাত ১২টায় শেষ হয়। ঢাকার সওজ বিভাগ মঙ্গলবার রাত ১২টার পর থেকে টোল আদায় শুরু করে। সওজ তিন চাকার যানবাহন থেকে ১০ টাকা ও মোটরসাইকেল, রিকশা, রিকশাভ্যান, সাইকেল ও ঠেলাগাড়ি থেকে পাঁচ টাকা হারে টোল আদায় শুরু করে। এর প্রতিবাদে অটোরিকশার মালিক ও চালকেরা সেতুর সিঙ্গাইর প্রান্তে গতকাল সকাল নয়টা থেকে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান বলেন, চলতি অর্থবছরের জন্য দরপত্রপ্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় গত মঙ্গলবার মধ্যরাত থেকে সওজ টোল আদায় শুরু করেছে। নতুন নীতিমালা অনুযায়ী সব ধরনের যানবাহন থেকে টোল আদায় করা হচ্ছে। এরপরও যোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হচ্ছে। সিদ্ধান্ত পাওয়া গেলে আগের নিয়মে টোল আদায় করা হবে।