টোল প্রত্যাহারের আন্দোলন ১০ আগস্ট পর্যন্ত স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ-চীন মৈত্রী বুড়িগঙ্গা প্রথম সেতু টোলমুক্ত করার দাবিতে গতকালও সন্ধ্যা পর্যন্ত সেতু অবরোধ করে রাখেন যানবাহন শ্রমিক-মালিকেরা। তাই বাধ্য হয়ে রিকশাভ্যানে করে অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার বাসিন্দা আরিফুর রহমান l ছবি: প্রথম আলো
বাংলাদেশ-চীন মৈত্রী বুড়িগঙ্গা প্রথম সেতু টোলমুক্ত করার দাবিতে গতকালও সন্ধ্যা পর্যন্ত সেতু অবরোধ করে রাখেন যানবাহন শ্রমিক-মালিকেরা। তাই বাধ্য হয়ে রিকশাভ্যানে করে অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার বাসিন্দা আরিফুর রহমান l ছবি: প্রথম আলো

বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (বুড়িগঙ্গা প্রথম সেতু) ১০ আগস্ট পর্যন্ত আগের হারে টোল দেবে সেতুতে চলাচলকারী পরিবহনগুলো। এ সময়ের মধ্যে সেতু টোলমুক্ত করার বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে কথা বলবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সিদ্ধান্তের পর গতকাল বুধবার সন্ধ্যায় আন্দোলন স্থগিত করে সেতুর ওপর থেকে অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনকারীরা।
কেরানীগঞ্জে প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় বাংলাদেশ-চীন মৈত্রী প্রথম বুড়িগঙ্গা সেতু টোলমুক্ত সংগ্রাম ঐক্য পরিষদের নেতাদের। বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, টোল প্রত্যাহারের বিষয়ে প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকা জেলা ট্রাক চালক সমিতির সভাপতি ওসমান গণি সাংবাদিকদের বলেন, মন্ত্রীর আশ্বাসে তাঁরা ১০ আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে বিষয়টির সুরাহা না হলে আবারও কঠোর আন্দোলনে যাবেন তাঁরা। তবে এ সময়ে তাঁরা আগের হারে টোল দেবেন।
বুড়িগঙ্গা প্রথম সেতুতে যানবাহনের টোল বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন একপর্যায়ে রূপ নেয় টোল প্রত্যাহারের আন্দোলনে। গতকাল বুধবার টানা পঞ্চম দিনের মতো সেতু অবরোধ করে বিক্ষোভ করেন যানবাহনের শ্রমিক ও মালিকেরা। এ কারণে সেতুর দুই প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষকে হেঁটে সেতু পার হতে হয়েছে। ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। দক্ষিণাঞ্চলে কেরানীগঞ্জ, দোহার, মুন্সিগঞ্জ, ফরিদপুর, খুলনা, শরীয়তপুর ও মাওয়া রুটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
সড়ক ও সেতু বিভাগের সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালের ১৫ মার্চ থেকে বুড়িগঙ্গা প্রথম সেতুতে টোল আদায় শুরু হয়। সে সময় নির্ধারিত হারেই ২৬ বছর ধরে টোল আদায় হয়েছে। গত ২৬ জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মোহাম্মদ শফিকুল করিমের স্বাক্ষরিত এক চিঠিতে টোল নীতিমালা ২০১৪ অনুসারে নতুন টোল হার ১ আগস্ট থেকে কার্যকর করার কথা বলা হয়।
যানবাহনের ধরন ও শ্রেণি অনুযায়ী টোলের নতুন যে হার নির্ধারণ করা হয়েছে, তাতে নতুন করে মোটরসাইকেল, রিকশা, রিকশা ভ্যান, বাইসাইকেল, ঠেলাগাড়ি, কৃষিকাজে ব্যবহৃত যান ও ট্রেইলার যোগ করা হয়েছে। মোটরসাইকেলের ১৫ টাকা, রিকশা-রিকশা ভ্যান-বাইসাইকেল-ঠেলাগাড়ির টোল ১০ টাকা, কৃষিকাজে ব্যবহৃত যান ২০ টাকা ও ট্রেইলারের টোল ধরা হয় ৭৫০ টাকা। ভারী ট্রাক ৩০ টাকার স্থলে ২৪০ টাকা, মধ্যম ট্রাক ৩০ টাকার স্থলে ২২৫ টাকা, মিনি ট্রাক ৩০ টাকার স্থলে ১৭০ টাকা, বড় বাস ৩০ টাকার স্থলে ৩৫ টাকা, মিনিবাস ২০ টাকার স্থলে ২৫, মাইক্রোবাস ২০ টাকার বদলে ৭৫ টাকা, সিডান কার ২০ টাকার স্থলে ৪০ টাকা, তিন-চার চাকার মোটরযান ১০ টাকার স্থলে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
১ আগস্ট থেকে নতুন হারে টোল আদায় শুরু করার পর থেকেই মাঠে নামেন মালিক-শ্রমিকসহ স্থানীয় মানুষ। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ইকুরিয়াসহ সেতুর ওই অংশের সাধারণ মানুষ প্রতিদিনই একাধিকবার সেতুর ওপর দিয়ে আসা-যাওয়া করেন। সাধারণ মানুষ চলাচলের ক্ষেত্রে সাইকেল, মোটরসাইকেল, রিকশা ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা ব্যবহার করেন। নতুনভাবে নির্ধারণ করা টোল হারে মোটরসাইকেল, রিকশা, রিকশা ভ্যান, বাইসাইকেলকে অন্তর্ভুক্ত করায় মানুষকে প্রতিবারই টোল দিতে হবে। এ কারণে ওই এলাকার অনেক সাধারণ মানুষ আন্দোলনকারীদের সঙ্গে একাত্ম।
শ্যামপুরের সাংসদ ও জাতীয় পার্টির নেতা সৈয়দ আবু হোসেন বাবলা এবং সংরক্ষিত নারী আসনের সাংসদ সানজিদা খাতুনও আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। স্থানীয় লোকজন বলছেন, বিষয়টি সমাধানের পরিবর্তে দুই সাংসদ আন্দোলনে একটি পক্ষ হয়ে গেছেন। আন্দোলনের সাফল্যের কৃতিত্ব কার ঘরে যাবে তা নিয়ে স্নায়ুযুদ্ধও রয়েছে দুই সাংসদের মধ্যে। সে কারণে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে শেষ পর্যন্ত মাঠে নামতে হয়েছে।