চট্টগ্রামে টোল প্লাজায় বাসচাপায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কর্ণফুলী শাহ আমানত তৃতীয় সেতুর টোল প্লাজায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ আরোহী নিহত হয়েছেন।

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মো. সোহেল (৩৫), তাঁর স্ত্রী বৃষ্টি আক্তার (৩০), দুই শিশুসন্তান সাবরিন (৫) ও সাবরুন (৩) এবং অটোরিকশার চালক সুরুজ মিয়া (৫০)।

নিহত সোহেল নগরের কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী-সন্তানসহ রাতে শহরের আলকরণ এলাকার শ্বশুর বাড়ি থেকে বাসায় ফিরছিলেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি টোল প্লাজায় টোল দেওয়ার জন্য দাঁড়াচ্ছিল। এ সময় পেছন থেকে একটি বাস এসে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনায় চারজন ঘটনাস্থলে নিহত হয়। আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।

বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।