টোল হারের তালিকা টাঙিয়ে দেবে সিটি করপোরেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হানিফ উড়ালসড়কে নির্ধারিত হারের প্রায় দ্বিগুণ টোল নেওয়া হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ বলেছে, মৌখিক অনুরোধ করে এবং চিঠি দেওয়া সত্ত্বেও কাজ হয়নি। তাই চুক্তি অনুযায়ী টোলের হার উল্লেখ করে তা টাঙিয়ে দেওয়া হবে।
ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ নজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, নির্মাণকারী প্রতিষ্ঠান চুক্তির বাইরে বাড়তি টোল আদায় করছে। তারা পেছনের তারিখ দিয়ে টোলের হার বৃদ্ধির অনুমোদন চেয়ে চিঠি পাঠিয়েছে। গতকাল এই চিঠি সিটি করপোরেশন পেয়েছে। কিন্তু এভাবে চিঠি দিয়ে টোল হার বৃদ্ধির কোনো সুযোগ নেই।
তবে নির্মাণকারী প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চুক্তি অনুযায়ীই টোল হার বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে পূর্বনির্ধারিত টোল হারের সঙ্গে ভ্যাট ও মূল্যস্ফীতি যোগ করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নীতিনির্ধারকেরা বলেছেন, এটি এমন একটি বিষয় যে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব—কেউই এ বিষয়ে একক সিদ্ধান্ত দিতে পারেন না। উড়ালসড়ক হয়েছে সরকারি ও বেসরকারি অংশীদারির ভিত্তিতে একটি সুস্পষ্ট চুক্তি অনুযায়ী। টোলের হার বাড়াতে বা কমাতে হলে চুক্তি অনুযায়ী আলোচনা করে করতে হবে।