টোলনীতি 'মড়ার উপর খাঁড়ার ঘা': বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টোল নীতিমালা ২০১৪-এর সমালোচনা করে সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। এক বিবৃতিতে দলটি বলেছে, সরকারের এ সিদ্ধান্ত জনগণের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’-র অবস্থা সৃষ্টি করবে। সাইকেল, রিকশা, ভ্যানগাড়িকেও টোল আদায়ের আওতাভুক্ত করে সরকার সম্পূর্ণভাবে গরিব মারার নীতিই অবলম্বন করেছে।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।
বিবৃতিতে সালাউদ্দিন বলেন, কয়েক দিন আগে ‘অবৈধ’ সরকার জনগণের আর্থসামাজিক অবস্থার কথা বিবেচনায় না নিয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে। এতে জনগণের জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে। এই ব্যয়বৃদ্ধির ক্ষতের ওপর নুনের ছিটা দিয়ে গণযন্ত্রণা আরও বাড়ানোর মানসে সরকার গতকাল দেশের সকল জাতীয়, আঞ্চলিক, জেলা ও গুরুত্বপূর্ণ মহাসড়ক এবং ২০০ মিটার ও এর বেশি লম্বা সব সেতুতে যান চলাচলের জন্য টোল আদায় করার সিদ্ধান্ত নিয়েছে। এতে সব গণপরিবহনের ব্যয় বৃদ্ধি পাবে। যার ফলে জীবনযাত্রার ব্যয় বহুগুণে বেড়ে যাবে।
বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে অনেক আগেই। এই গণবিরোধী টোল নীতিমালা-২০১৪ অনুমোদনের মাধ্যমে এই অবৈধ, গণবিরোধী সরকার তাদের অর্থনৈতিক দেউলিয়াত্বও প্রমাণ করল।’