ট্যাংকবিধ্বংসী কামানের গোলা উদ্ধার, নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া ট্যাংকবিধ্বংসী একটি কামানের গোলা নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার ডেবারপাড় কলাবাগান এলাকার একটি পাহাড়ের পাদদেশে এটি নিষ্ক্রিয় করা হয়।
পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তাদের ধারণা, একাত্তর সালে মুক্তিযুদ্ধকালে গোলাটি ছোড়া হলেও অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল এত দিন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক প্রথম আলোকে বলেন, সোমবার সকাল ১০টার দিকে কলাবাগান এলাকার একটি ড্রেনে গোলাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে বিষয়টি চট্টগ্রাম সেনাবাহিনীকে জানানো হলে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসে। তারা গোলাটিকে উদ্ধার হওয়া ঘটনাস্থল থেকে এক কিলোমিটার পশ্চিমে পাহাড়ের পাদদেশে নিয়ে নিষ্ক্রিয় করে।
কামানের গোলা উদ্ধারের ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। পাহাড়ের পাদদেশে গোলাটি বিস্ফোরণের জন্য সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল গর্ত খুঁড়লে আশপাশের পাহাড়ে শত শত মানুষ জড়ো হয়। বেলা দুইটা ৪০ মিনিটে গোলাটির বিস্ফোরণ ঘটানো হয়।
ঘটনাস্থলে আসা চট্টগ্রাম সেনানিবাসের মেজর খন্দকার মেহেদী আল মাহমুদ প্রথম আলোকে বলেন, এটি ট্যাংকবিধ্বংসী গোলা। ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধকালে পাকিস্তান কিংবা মুক্তিযোদ্ধারা এটি ছুড়েছিলেন। তবে এটি সেই সময় বিস্ফোরিত হয়নি। পরিত্যক্ত অবস্থায় কেউ হয়তো এটি এখন কোথাও কুড়িয়ে পেয়েছে। সাধারণত শত্রুর মোকাবিলায় ট্যাংক ধ্বংস করতে কামানের গোলাটি ছোড়া হয়ে থাকে।
চট্টগ্রাম সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ ক্যাপ্টেন এ এস এম শামীম রাফি জানান, কামানের গোলাটি অনেক বছর আগের হওয়ায় এটির গায়ের কোনো লেখা বোঝা যাচ্ছে না।