ট্যাংকলরি ও নছিমন মুখোমুখি নিহত ৩
পাবনার চাটমোহর পৌরসভার বাইপাস সড়কের কাঠবাদামতলা নামক স্থানে গতকাল শনিবার বিকেলে জ্বালানি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে যাত্রীবোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ভাইবোনসহ নিহত হয়েছে তিনজন এবং পাঁচজন আহত হয়েছে।নিহত ব্যক্তিরা হলো উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাইনুর রহমান (৮), মেয়ে রহিমা খাতুন (১০) পৌরসভার ছোট শালিখা মহল্লার মৃত নিমাই চন্দ্র দাসের ছেলে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা স্বাগতম দাস (৩০)।থানার পরিদর্শক (ওসি) হাবিবুল ইসলাম জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে জ্বালানি তেলবাহী একটি ট্যাংকলরি নছিমনটিকে পাশ কাটাতে গিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় শিশু দুটি ট্যাংকলরির চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পার্শ্ববর্তী এলাকাবাসী আহত ছয়জনকে দ্রুত উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়ার পথে আহত স্বাগতম দাস সিরাজগঞ্জ এলাকায় মারা যান। আহত অন্যরা হলেন ইদ্রিস আলী, রফিকুল ইসলাম, রবিউল, আদুরী খাতুন ও মনিরুল ইসলাম। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে ট্যাংকলরিসহ চালক সিরাজগঞ্জের ষাটতলা গ্রামের রওশন আলীর ছেলে আলিমুদ্দিন (৩৭) ও হেলপার একই জেলার গঙ্গাবাসর গ্রামের এরশাদ আলীকে আটক করেছে।