ট্যাংকলরি ধর্মঘট প্রত্যাহার
উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘট গতকাল সোমবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এরপরই গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে উত্তরবঙ্গের বৃহত্তর জ্বালানি তেলের ডিপো সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি থেকে তেল সরবরাহ শুরু হয়েছে।
জেলা প্রশাসন ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগ নেতাদের মধ্যে এক বৈঠক হয়। জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন তাড়াশ-রায়গঞ্জ আসনের সাংসদ ম ম আমজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দীন, রাজশাহী বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান, উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতা শাহজাহান সিরাজ, রমজান আলী। আলোচনা শেষে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
উপজেলার খালকুলায় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের মালিকানাধীন একটি পেট্রলপাম্পের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরোধিতায় গত শনিবার থেকে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতারা বাঘাবাড়ি ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেন।