ট্যাংকলরি বিস্ফোরণে একজন নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুরে ওয়েল্ডিং-য়ের সময় গতকাল বৃহস্পতিবার জ্বালানি তেলবাহী একটি ট্যাংকলরি বিস্ফোরিত হয়ে একজন নিহত এবং সাতজন আহত হয়েছে। এতে তিনটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে শাহজাদপুর পৌর শহরের দাড়িয়াপুর বাজারের আশা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে শাহজাদপুর ট্রাভেলস কোম্পানির তেলবাহী একটি ট্যাংকলরিতে ওয়েল্ডিং করা হচ্ছিল। এ সময় লরিটি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়ে এটির লোহার টুকরা ছিন্নভিন্ন হয়ে ছিটকে পড়ে। লোহার পাতের আঘাতে ঘটনাস্থলে স্থানীয় দাড়িয়াপুর মহল্লার রিকশাভ্যান চালক আমিরুল ইসলাম, আমিন আলী, ইউনুস, সজল, আনোয়ারসহ আটজন আহত হন। এ ছাড়া একটি ফটো স্টুুডিও, একটি টাইলসের দোকানসহ তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহত ভ্যানচালক আমিরুলকে (৩৫) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত আমিন ও ইউনুসকেও ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান, ধারণা করা হচ্ছে, তেলবাহী লরিটির ঢাকনা বন্ধ রেখেই ওয়েল্ডিংয়ের কাজ করায় ভেতরে গ্যাস জমে। ওই গ্যাসের চাপেই বিস্ফোরণের ঘটনা ঘটে।